বরগুনার এমপি রিমনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ২২:৩৬

পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা

বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনসহ ১৩ জনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়েছে। ঐ মামলার বাদী পাথরঘাটা উপজেলার চরদুয়ানি বাজারের প্রিয়াঙ্কা মিত্র গত বুধবার (১৫ জানুয়ারি) পাথরঘাটা সহকারী জজ আদালতে মামলাটি দায়ের করেন। শুক্রবার (১৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন প্রিয়াঙ্কা মিত্র ও তার সহযোগী আইনজীবী আরিফ হোসেন। তবে এমপি রিমন দাবি করেছেন, অবৈধভাবে জমি দখল করার জন্য প্রিয়াঙ্কা মিত্র তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।  মামলার অপর আসামিরা হলেন, মো. রাকিব মুন্সি, মো. মনির হোসেন, শাহিন মুন্সি, জহির, জাকির বিশ্বাস, মো. আতিকুর রহমান লাবু, মো. মাফুল, মো. আলাউদ্দিন খান, মিরাজ, মোস্তফা, রাজা ও পানি উন্নয়ন বোর্ড পাথরঘাটা উপজেলার উপ-সহকারী প্রকৌশলী। প্রিয়াঙ্কা মিত্র বলেন, ‘আদালতের দেওয়া স্থিতি অবস্থায় থাকাকালীন আদেশের সময় জমিতে এসে এমপি রিমনের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমাদের সপরিবারে উচ্ছেদের চেষ্টা চালায়। এ সময় এমপি রিমন আমার জমির তদারকির দায়িত্বে থাকা তাইমুল ইসলাম নামের এক যুবককে মারধর করেন, সেই সঙ্গে আমাকেও মারধর করেন। এ সময় এমপির নির্দেশে আমাদের জমির ওপর নির্মিত রাধাগোবিন্দ মন্দির উচ্ছেদ করা হয়।’

সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন সাংবাদিকদের বলেন, ‘সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য প্রিয়াঙ্কা মিত্র অবৈধভাবে পানি উন্নয়ন বোর্ডের জমিতে একটি টিনশেড ঘর তৈরি করে মন্দিরের নাম দিয়েছে। দুর্গাপূজা করার জন্য পূজা উদ্যাপন পরিষদের কাছ থেকে একটি টিনশেড ঘর নির্মাণ করেছিল সেটি এখনো বিদ্যমান রয়েছে। কোনো মন্দির ভাঙচুরের ঘটনা ঘটেনি। প্রিয়াঙ্কা মিত্র জমি দখল করার জন্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।’