আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে নৌকা মার্কার প্রচারণায় গণজোয়ার সৃষ্টি হয়েছে। দুই মেয়র প্রার্থীসহ আওয়ামী লীগ ও ১৪ দলের গণসংযোগ ও পথসভায় জনগণ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে। এতে স্পষ্ট হচ্ছে যে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির দুই মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম নির্বাচনে বিজয়ী হবেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের ধানমন্ডির বাসভবনে সিটি নির্বাচন নিয়ে ১৪ দলের পর্যালোচনা সভায় এমন রিপোর্ট উঠে এসেছে। ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিমের সঙ্গে সিটি নির্বাচনে নিয়ে গঠিত দুটি প্রচারণা টিমের এই পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম সাংবাদিকদের বলেন, ‘হিন্দুধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উত্সব সরস্বতীপূজা। নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানাব, অবিলম্বে হিন্দুধর্মাবলম্বীদের সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করে আলোচনার মাধ্যমে সন্তোষজনক সমাধান বের করুন। হিন্দু ভাই-বোনদের মনে মনঃকষ্ট যেন না থাকে। এদিকে বৈঠকে প্রচারণা আরো জোরদার করতে সিদ্ধান্ত হয়। শুধু রাস্তাঘাট ও দোকানে নয়, মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়া হবে।
কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, নামজুল হক প্রধান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, গণআজাদী লীগের সভাপতি এস কে শিকদার, জাতীয় পার্টি-জেপির প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বাসদের রেজাউর রশীদ খান, জাসদ নেতা নাদের চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ডা. দিলীপ রায়, কামাল চৌধুরী, জাসদ মহানগর নেতা মীর হোসেন আক্তার, ওয়ার্কার্স পার্টির মহানগর নেতা আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
