অধিকার ফেরাতে জীবন দিতেও প্রস্তুত : ইশরাক

আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ২৩:৫৯

ঢাকা উত্তর সিটি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী তাবিথ আউয়াল ও দক্ষিণের প্রার্থী ইশরাক হোসেন গতকালও দলের নেতাকর্মীদের নিয়ে প্রচার-প্রচারণা চালিয়েছেন। সকাল ১০টায় মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে অষ্টম দিনের গণসংযোগ শুরু করেন তাবিথ। অপর দিকে দনিয়ার বর্ণমালা স্কুলের গলিতে জনসংযোগ শুরুর পর ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ‘জনগণের অধিকার ফেরানোর জন্য যদি জীবন দিতে হয়, জীবন দিতেও প্রস্তুত আছি।’ ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি আপনাদের বলতে চাই, কোনো বাধা মানবেন না। কোনো ভয় পাবেন না।’ তিনি বলেন, ‘আমরা কারো জমিদারি মানব না। জনগণকে সঙ্গে নিয়ে জনগণের অধিকার ফিরিয়ে দেব।’ তিনি বলেন, ‘তারা দেখাচ্ছে অনেক উন্নয়ন হয়েছে, খালি উন্নয়নের জোয়ার আর জোয়ার, কিন্তু বৃষ্টি এলে আমরা দেখি এই এলাকায় পানির জোয়ারে রাস্তাঘাট ভেসে যায়। আপনারা একটু চিন্তা করে দেখেন, গত ১৩ বছরে এমন কোনো অপকর্ম নেই, যা এই সরকার করে নাই।’ ৩০ জানুয়ারি ভোটকেন্দ্রে ভোট দিতে যাওয়ার আহ্বান জানিয়ে ইশরাক বলেন, ‘আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা জনগণের রাজনীতি করি।’

‘আধুনিক ঢাকা গড়ব :তাবিথ আউয়াল বেলা ১১টায় মোহাম্মদপুর রাজিয়া সুলতানা রোডে গণসংযোগকালে বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) ইচ্ছাকৃতভাবে ৩০ জানুয়ারি পূজার দিন ভোট দিয়ে বিতর্ক সৃষ্টি করেছে। আমরা আপিল বিভাগের দিকে তাকিয়ে আছি।’ তাবিথ বলেন, সাম্প্রতিক যে গণজোয়ার তৈরি হয়েছে, তা ৩০ জানুয়ারি ধানের শীষের বিজয়ের দিকে নিয়ে যাবে। তিনি বলেন, ‘রাস্তাঘাট, সুয়ারেজসহ নাগরিক সুবিধা থেকে প্রতিনিয়তই বঞ্চিত হচ্ছে নগরবাসী। আমরা সবাই নাগরিক সুবিধা নিশ্চিত করে আধুনিক ঢাকা গড়ার প্রতিশ্রুতি দিচ্ছি।’ গণসংযোগে অংশ নেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী প্রমুখ।