দলকে কৃতিত্ব দিলেন ‘সেরা’ রাসেল

আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ০০:১১

সেরা চারে দল আসার আগে খুবই নিষ্প্রভ ছিলেন আন্দ্রে রাসেল। কিন্তু জ্বলে উঠলেন সময় মতো। কোয়ালিফায়ার আর ফাইনালে তার হাত ধরে ট্রফিটাই জিতে নিল রাজশাহী রয়্যালস। ম্যাচ শেষে তাই ফাইনালের সেরা ও টুর্নামেন্টের সেরার পুরস্কার জিতে নিলেন রাসেল। সেই সঙ্গে রাজশাহীর অধিনায়ক হিসেবে তার হাতেই উঠল ট্রফি।

এই ত্রিমুখী জয়ের পরও রাসেল এটাকে দেখছেন দলের জয় হিসেবে। রাজশাহীর এই ক্যারিবীয় অধিনায়ক বললেন, দলের সবাই একত্রিত ছিল বলেই জয়টা এভাবে এসেছে।

ম্যাচ শেষ হতেই লিটন দাস বললেন, তারা পরিকল্পনা করেছিলেন ফাইনালে শুরুটা একটু ধীরে করবেন, ‘দলের অসাধারণ পারফরম্যান্স ছিল। আমরা সবাই খুব খুশি। আমি আফিফের সঙ্গে ব্যাট করাটা খুব উপভোগ করেছি। আজ আমাদের পরিকল্পনা ছিল, শুরুতে একটু দেখে খেলা।’

খুলনার অবশ্য ট্রফিটা খুব কাছ থেকে চলে গেল। ১৭০ রান তাদের পার করার কথা ছিল। কিন্তু সেটা পারেনি তারা। খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম বলছিলেন, ‘আমি আমার সব সতীর্থকে ধন্যবাদ দিতে চাই। আমাদের সব কোচিং স্টাফকে ধন্যবাদ দিতে চাই। সবাই মিলে দলকে এখানে এনেছেন। আমরা আজ ফাইনালে ১৫ রান বেশি দিয়ে ফেলেছি। ১৬ ওভার পর্যন্ত খেলাটা আমাদের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু শেষ চার ওভারে আমরা বেশি রান দিয়েছি, ক্যাচ ফেলেছি। ৭ জন স্থানীয় খেলোয়াড় ছিল। তাদের আরেকটু এগিয়ে আসা উচিত ছিল।’

আন্দ্রে রাসেলও দলের খুব কৃতিত্ব দিলেন। তিনি বলছিলেন, তিনি সেরা খেলোয়াড় হলেও কৃতিত্ব দলের, ‘আমি এই একঝাঁক খেলোয়াড়কে ধন্যবাদ দিতে চাই। আমরা খারাপ সময় ও ভালো সময়ে একত্রিত হয়ে ছিলাম। আজ প্রথম ১০ ওভারে আমাদের খুব চ্যালেঞ্জ নিতে হয়েছিল। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে শেষ বলের আগে খেলা শেষ হয় না।’

রাসেলের বিশ্বাস ছিল, যেভাবেই হোক, শিরোপাটা তারা জিতবেন। ম্যাচশেষে সেই বিশ্বাসের কথা বলছিলেন তিনি, ‘আমি খুব আত্মবিশ্বাসী অধিনায়ক। আমাদের টুর্নামেন্টের শুরুটা খুব ভালো হয়নি। কিন্তু আমরা পরস্পরকে বুঝতে পারছিলাম। আমাদের খেলোয়াড়রা খুব পেশাদার ছিল। আমি তাদের বিপক্ষে ও সঙ্গে আগেও খেলেছি। খুলনা আজ খুব ভালো চ্যালেঞ্জের মধ্যে ফেলেছিল। তারা আমাদের আগে দু-বার হারিয়েছে। কিন্তু এবার আমরা চ্যালেঞ্জটা নিতে পেরেছি।’

রোল অব অনার

আসর        চ্যাম্পিয়ন          রানার্সআপ

২০১২           ঢাকা গ্লাডিয়েটর্স       বরিশাল বার্নার্স

২০১২-১৩      ঢাকা গ্লাডিয়েটর্স       চিটাগং কিংস

২০১৫-১৬      কুমিল্লা ভিক্টোরিয়ান্স  বরিশাল বুলস

২০১৬-১৭      ঢাকা ডায়নামাইটস    রাজশাহী কিংস

২০১৭-১৮     রংপুর রাইডার্স         ঢাকা ডায়নামাইটস

২০১৮-১৯      কুমিল্লা ভিক্টোরিয়ান্স  ঢাকা ডায়নামাইটস

২০১৯-২০      রাজশাহী রয়্যালস     খুলনা টাইগার্স