মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার ব্যবসায়ী মোয়াজ্জেম দেওয়ান হত্যা মামলায় সাত জনকে যাবজ্জীবন ও প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। যাবজ্জীবন প্রাপ্ত সাত আসামি হলেন—আল আমিন শেখ, শাহজাহান ভুঁইয়া, খোরশেদ আলম, মাসুম সরদার, শামীম শেখ, আল মামুন মোল্লা ও আ. রাজ্জাক ওরফে জাক্কা। বৃহস্পতিবার দুপুরে চার জন আসামির উপস্থিতিতে মুন্সীগঞ্জ সিনিয়র দায়রা জজ হোসনে আরা বেগম এই রায় প্রদান করেন। এর মধ্যে মাসুম সরদার, আল মামুন মোল্লা ও আ. রাজ্জাক ওরফে জাক্কা পলাতক রয়েছে। এসব তথ্য দিয়ে রাষ্ট্র পক্ষের আইনজীবী পিপি এড. আ. মতিন জানান, এই মামলায় সাত আসামিকে যাবজ্জীবন ও প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন বিচারক। অভিযোগ প্রমাণের জন্য রাষ্ট্রপক্ষ ১৬ সাক্ষীকে আদালতে উপস্থাপন করে। এই মামলায় তিন জন আসামি পলাতক আছেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৭ আগস্ট রাতে মোয়াজ্জেম দেওয়ান দোকান বন্ধ করে একটি ব্যাগে দেড় লাখ টাকা, ফ্লেক্সি ও বিকাশের পাঁচটি মোবাইল সেট ও প্রেসার মাপার যন্ত্র ইত্যাদি নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে উপজেলার ধীপাড়া এলাকায় আসামি শাহজাহান মোয়াজ্জেমকে মাথায় আঘাত করে। এরপর মাটিতে লুটিয়ে পড়লে তার বুকের ওপর আ. রাজ্জাক ওরফে জাক্কা উঠে পড়ে এবং গাছের পাশ থেকে আসামি শামীম, আল মামুন, খোরশেদ ও আল আমিন এসে চেপে ধরে তাকে। তারপর আসামি আল মামুন ধারালো ছোরা দিয়ে গলায় পোচ দিয়ে জবাই করে হত্যা করে মোয়াজ্জেমকে। আসামিরা দেড় লাখ টাকা, পাঁচটি মোবাইল সেট নিয়ে ভাগভাটোয়ারা করে পালিয়ে যায়। মোয়াজ্জেমকে স্থানীয়রা উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় মোয়াজ্জেমের পিতা পর দিন হত্যা মামলা করেন টঙ্গীবাড়ি থানায়।
