আ. মান্নান এমপির ইন্তেকালে এলাকায় শোকের ছায়া

আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ১৭:৫৫

বগুড়া -১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আব্দুল মান্নান এমপি (৬৬) আর নেই (ইন্না নিল্লাহে..রাজেউন)। শনিবার সকাল আটটায় ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। আব্দুল মান্নান এমপির মৃত্যুর খবর বগুড়ায় ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। মৃত্যকালে তিনি স্ত্রী এক ছেলে, এক মেয়ে, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে তিনি তার ঢাকার ধানমন্ডিস্থ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে পপুলার হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দুপুরে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। তিনদিন লাইফ সাপোর্টে রাখা হয়। কর্তব্যরত চিকিৎসক শনিবার সকাল ৮টায় তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার লাশ ঢাকা বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

সোমবার সকাল ৮টায় মরহুমের প্রথম নামাজে জানাজা কৃষিবিদ ইন্সটিটিউট (কেআইবি) প্রাঙ্গনে, দ্বিতীয় জানাজা সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এরপর তার লাশ হেলিকপ্টারযোগে তার নির্বাচনী এলাকা সোনাতলা আনা হবে। দুপুর ২টায় সেখানে তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে  সারিয়াকান্দি পাবলিক মাঠে বিকাল ৪ টায় চতুর্থ নামাজে জানাজা শেষে তার লাশ নিজগ্রাম হিন্দুকান্দি কবরস্থানে দাফন করা হবে। আব্দুল মান্নান এমপি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার শালুখা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৫৩ সালে ১৯ ডিসেম্বর জন্মগ্রহন করেন।

আব্দুল মান্নানের মৃত্যুতে বগুড়া জেলা আওয়ামী লীগ তিন দিনের শোক কর্মসুচি ঘোষণা করেছে। শনিবার শহরের সাতমাথায় আওয়ামী লীগ কার্যালয়ে কালো পতাকা ও কালো ব্যাজ ধারণের মাধ্যমে শোক কর্মসুচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। 

তার মৃত্যুতে বগুড়া সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) এক বিবৃতিতে প্রয়াত এই নেতার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ ও তার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে।

আরও পড়ুন: কন্যা সন্তান তাই পানিতে ফেলে হত্যা করলো পাষণ্ড বাবা

বগুড়া প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন অপর বিবৃতিতে শোক প্রকাশ করেছেন। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আব্দুল মান্নানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

ইত্তেফাক/নূহু