ফিন্যান্স এন্ড ব্যাংকিং
নির্মল ইন্দু সরকার, প্রভাষক
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ
ঢাকা
মি.হানিফ একজন ছাতা ব্যবসায়ী। গত বছরের প্রচুর বৃষ্টিপাত দেখে তিনি এ বছর অধিক বিক্রির আশায় প্রায় দ্বিগুণ পরিমাণ ছাতা উত্পাদন করেন। ব্যাংক থেকে উচ্চ হারে ঋণ নিয়ে তিনি উত্পাদন বৃদ্ধি করেছেন। কিন্তু এ বছর অনাবৃষ্টির দরুন তিনি আশানুরূপ ছাতা বিক্রি করতে পারছে না।
ক. বন্ড ক্রয়কারী কোন ঝুঁকি মোকাবিলা করে?
খ. আদর্শ বিচ্যুতির সিদ্ধান্ত গ্রহণ নীতি ব্যাখ্যা কর।
গ. মি. হানিফের ব্যবসাটিতে কোন ধরনের ঝুঁকি দেখা দিয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. মি. হানিফ কীভাবে তাঁর ঝুঁকির পরিমাণ কমাতে পারতেন? মতামত দাও।
ক. সুদ হারের ঝুঁকি।
খ. সাধারণত আদর্শ বিচ্যুতির বড় মান অধিক ঝুঁকি এবং ছোট মান কম ঝুঁকি নির্দেশ করে। এক্ষেত্রে সমান আয়ে কম ঝুঁকি বেশি গ্রহণযোগ্য এবং সমান ঝুঁকিতে অধিক লাভ বেশি গ্রহণযোগ্য।
গ. মি. হানিফের ব্যবসাটিতে আর্থিক ঝুঁকি দেখা দিয়েছে। বহি:স্থ উত্স যেমন ঋণ মূলধনের সুদ হতে আর্থিক ঝুঁকির সৃষ্টি হয়। কোন ব্যবসায় এর বিনিয়োগকৃত মূলধন অপেক্ষা যদি প্রদেয় সুদের পরিমাণ বেশি হয় তাহলে ঋণ পরিশোধ অসম্ভব হয়ে পড়ে। তখন আর্থিক ঝুঁকির পরিমাণ বেড়ে যায়। উদ্দীপকের মি. হানিফ উচ্চ হার সুদে ঋণ নিয়ে মূলধন হিসেবে বিনিয়োগ করেছেন যা তার জন্য লাভজনক হয়নি। ফলে উদ্দীপকের ঝুঁকিটি হলো আর্থিক ঝুঁকি।
ঘ. মি. হানিফের ব্যবসায় এ ঝুঁকির সৃষ্টি হয়েছে প্রাকৃতিক কারণে। ভবিষ্যত্ সর্বদাই অনিশ্চিত। প্রাকৃতিক নিয়ম অনুযায়ী পর্যাপ্ত বৃষ্টিপাত হয়নি বলে তার উত্পাদিত ছাতা অবিক্রিত থেকে যায়। ফলে তিনি বড় ধরণের আর্থিক ঝুঁকিতে পড়ে গেছেন। অথচ শুধুমাত্র ছাতা তৈরি না করে তিনি যদি পণ্য বৈচিত্রকরণের নীতি গ্রহণ করতেন তা হলে এ ঝুঁকি অনেকাংশে হ্রাস পেত। অর্থাত্ ছাতার পাশাপাশি তিনি যদি অন্য কোন পণ্য উত্পাদনে বিনিয়োগ করতেন যার বিক্রি বৃষ্টিপাতের উপর নির্ভর করে না তাহলে তিনি ঝুঁকির পরিমাণ অনেকটা হ্রাস করতে পারতেন।
