গত বৃহস্পতিবার গভীর রাতে ও গতকাল শুক্রবার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে তিন জামায়াত নেতাসহ বিএনপির ৭৪ নেতা-কর্মী আটক করেছে। ব্যুরো অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-
কুমিল্লা: মুরাদনগর ও বাঙ্গরা বাজার থানায় গত দুইদিনে বিস্ফোরক আইনে ৪টি মামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১৬১ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে এবং দলের তিনজন সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা ছাত্রদল সভাপতিসহ কমপক্ষে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। ভাঙচুর করা হয়েছে নির্বাচনী এলাকার ধানের শীষের কমপক্ষে ১৫টি কার্যালয়। গতকাল কুমিল্লা শহরতলীর একটি রেস্তোরাঁয় সাংবাদিক সম্মেলন করে এসব অভিযোগ করেন কুমিল্লা-৩ আসনের বিএনপি প্রার্থী কেএম মুজিবুল হক। তিনি বলেন, মুরাদনগর থানা পুলিশ পাহাড়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোফায়েল শিকদারকে বাড়ি থেকে ধরে এনে ১০টি ককটেল দিয়ে গ্রেফতার করে। তিনি ওই দুই থানার ওসিকে প্রত্যাহারের জন্য নির্বাচন কমিশনের নিকট দাবি জানান। তবে পুলিশ এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, অহেতুক কাউকে হয়রানি করা হচ্ছে না।
বরিশাল: নগরীর বিভিন্ন স্থান হতে ১১ জন বিএনপি নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গতদিন দুপুর থেকে গতকাল বিকাল পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে তারা গ্রেফতার হয়। পুলিশের দায়ের করা পূর্বের বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। এরা হলেন- কোতয়ালী বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শেখ আব্দুর রহিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জেএম আমিনুল ইসলাম লিপন, নগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান রাহাত, ছাত্রদলের কেন্দ্রিয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
খুলনা: গতকাল ডুমুরিয়া ও ফুলতলা থানা পুলিশ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মিয়া গোলাম কুদ্দুস, ডুমুরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান শিরিনা দৌলত ও বিএনপিকর্মী ইজাহারকে আটক করেছে। খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থী মিয়া গোলাম পরোয়ারের ভাই কুদ্দুস। শিরিনা দৌলতকে গতকাল জিজ্ঞাসাবাদের পর পুলিশ ছেড়ে দেয়। তবে গত ১৫ ডিসেম্বর উপজেলায় আওয়ামী লীগের কার্যালয়ে বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মামলায় অপর দুইজনকে গ্রেফতার দেখানো হয়।
শ্রীপুর (গাজীপুর): শ্রীপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও ঐক্যফ্রন্টের নির্বাচনী পরিচালনা কমিটির সচিব আলহাজ্ব মো. শাজাহান ফকিরসহ তিনজনকে পুলিশ আটক করেছে। অন্যরা হলেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান নয়েছ ও উপজেলা ছাত্রদল নেতা পারভেজ হাসান। ঐক্যফ্রন্টের প্রার্থী প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী বলেন, তাদের বিরুদ্ধে কোনো মামলা ছিল না। পুলিশ মিথ্যা মামলা দিয়ে তাদেরকে আটক করেছে। তিনি সকল নেতা-কর্মীর মুক্তির দাবি জানান। এদিকে গ্রেফতার উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আ. মোতালেব ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. হুমায়ুন কবির সরকারকে দুই দিনের রিমান্ড শেষে গতকাল কারাগারে পাঠানো হয়।
সোনাতলা (বগুড়া): সোনাতলায় প্রচারণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে বিএনপির ২০ কর্মী গ্রেফতার করেছে পুলিশ। গতদিন সংঘর্ষের ঘটনায় গতকাল আওয়ামী লীগ নেতা আতোয়ার রহমান গেদা ৭১ জনের নামে ও ৪০০/৫০০ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করেন। এএসআই মাসুদ এ তথ্য জানান।
সৈয়দপুর (নীলফামারী): গত রাতে সৈয়দপুরে ব্যবসায়ী মো. হায়দার আলী ও জামায়াতের শ্রমিক সংগঠন উপজেলা শাখার সভাপতি মো. খয়রাত হোসেন বসুনিয়াকে আটক করেছে পুলিশ। গতকাল তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নওগাঁ: আত্রাই উপজেলার নির্মাণাধীন একটি ব্রিজ এলাকা থেকে অবিস্ফোরিত ২টি তাজা ককটেল এবং উপজেলার খোলাপাড়া ঈদগাহ মাঠ থেকে ২টি অবিস্ফোরিত তাজা ককটেল ও ১টি বিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
আদমদীঘি (বগুড়া): আদমদীঘিতে নাশকতা মামলায় নশরতপুর ইউপি সদস্য ও ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলামকে পুলিশ গত রাতে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছেন।
ভূঞাপুর (টাঙ্গাইল): ভূঞাপুরে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় গত রাতে বিএনপির তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এরা হলেন, উপজেলার গাবসারা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ, আতাউর রহমান ও বানিজ আলীর ছেলে জহুরুল। গতকাল তাদের টাঙ্গাইল কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
মোরেলগঞ্জ (বাগেরহাট): গত রাতে মোরেলগঞ্জে তেলিগাতি ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মো. মনিরুজ্জামানকে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল তাকে কোর্টে চালান দেওয়া হয়েছে।
হবিগঞ্জ: গত রাতে নবীগঞ্জে তিন বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হচ্ছেন- আউশকান্দি ইউনিয়ন যুবদল নেতা রুহেল, ইউপি মেম্বার আলম ও করগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আল আমিন।
মদন (নেত্রকোনা): গত রাতে ও গতকাল সকালে উপজেলায় বিএনপির চার নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন, তিয়শ্রী ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরুল হাসান খোকন, চাঁনগাও শাহপুরের রুবেল, চাঁনগাও চকপাড়ার তরিকুল ও ফতেপুর গ্রামের ইব্রাহিম মুন্সী।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও): পীরগঞ্জে বিএনপির তিন নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল ভোরে তাদেরকে আটক করা হয়। এরা হলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম ও শ্রমিক দল পৌর শাখার সভাপতি সামু। ওসি বজলুর রশিদ জানান, আমিনুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকি দুইজনকে নাশকতা পরিকল্পনার মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।
