হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা
সরবিন্দু সরকার
প্রভাষক, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
পরীক্ষার্থীবৃন্দ, আমার শুভেচ্ছা নিও। ‘ হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা ’ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ মনে রেখো। তোমরা পুরো বইটি আরেকবার রিভিশন দাও। প্রত্যেকটি লাইন, শব্দ, বিষয় বুঝে পড়। শ্লোক বা মন্ত্রের সরলার্থ মুখস্থ রেখো। পাঠ্যবইয়ের সমস্ত মন্ত্র, শ্লোক, কবিতা, বাণী ইত্যাদির উত্স ও লেখকের নাম এবং দশম অধ্যায়ের বিভিন্ন তথ্য সংক্ষিপ্ত আকারে খাতায় নোট করতে পারো, যা এক নজরে পড়ে ফেলা যায়। অন্যান্য অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ পেন্সিল দিয়ে মার্ক করেও পড়া যায়। এ বিষয়টিতে তোমাদের ১০০ নম্বরের পরীক্ষা হবে। সৃজনশীল (রচনামূলক) অংশে ৭০ নম্বর, সময় ঃ ২ ঘন্টা ৩০ মিনিট। বহুনির্বাচনি (নৈর্ব্যক্তিক) অংশে ৩০ নম্বর, সময় : ৩০ মিনিট। সৃজনশীল ১১টি প্রশ্ন থেকে যে কোনো ৭টি প্রশ্নের উত্তর দিতে হবে। সৃজনশীল প্রশ্নের জ্ঞানমূলক প্রশ্ন বই থেকে সরাসরি কমন পাবে। অনুধাবন প্রশ্ন বই বুঝে পড়লে উত্তর দিতে পারবে। প্রয়োগমূলক প্রশ্ন উদ্দীপকের সাহায্য নিয়ে তোমার পঠিত বিষয়বস্তু থেকে তৈরি করে লিখতে হবে। উচ্চতর দক্ষতার ক্ষেত্রে প্রশ্ন হবে বিশ্লেষণধর্মী অর্থাত্ কোন বিষয় বা লাইনের তাত্পর্য ব্যাখ্যা করতে হবে। এক্ষেত্রে বই বুঝে পড়লে নিজ থেকেই তাত্পর্য ব্যাখ্যা করতে পারবে। নৈর্ব্যক্তিক অংশে তিন ধরনের প্রশ্ন হবে-১. সাধারণ বহুনির্বাচনি ২. বহুপদী সমাপ্তিসূচক ৩. অভিন্ন তথ্য ভিত্তিক। সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন জ্ঞানমূলক হয়ে থাকে। চারটি বিকল্প উত্তর থেকে সঠিক উত্তরের দাগ নম্বরে বৃত্ত ভরাট করতে হবে। বহুপদী সমাপ্তিসূচক প্রশ্নে অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা স্তরের প্রশ্ন করা হয়। এ ধরনের প্রশ্নে এক বা একাধিক সঠিক উত্তর থাকে। তাই উত্তর দেবার সময় বিকল্প উত্তরগুলো ভালোভাবে পড়ে নিবে। অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্নে একটি উদ্দীপক (ছবি, সারণি, অনুচ্ছেদ, বাণী, শ্লোক, কবিতা ইত্যাদি হতে পারে) থাকবে। এক্ষেত্রে সাধারণ বহুনির্বাচনি বা বহুপদী সমাপ্তিসূচক যে কোনো রকমের প্রশ্নই হতে পারে। সেখানে অনুচ্ছেদটি ভালো করে পড়ে নিবে। কারণ সেখানে উদ্দীপকের সাহায্য ছাড়া প্রশ্নের উত্তর দেয়া যাবে না। বহুনির্বাচনি প্রশ্নের মধ্যে জ্ঞান স্তরের ৪০%, অনুধাবন স্তরের ৩০%, প্রয়োগ স্তরের ২০% এবং উচ্চতর দড়্গতা সত্মরের ১০% প্রশ্ন করা হয়। কাজেই তুমি যদি পুরো পাঠ্য বইটি বুঝে পড়ো তাহলে সৃজনশীল এবং বহুনির্বাচনি সব প্রশ্নের উত্তরই ভালোভাবে দিতে পারবে। আর সময়ের দিকে খেয়াল রাখতে হবে। মনে রাখতে হবে, সৃজনশীল প্রশ্নের উত্তরে আমি যেন প্রতিটি প্রশ্নের উত্তর ২০/২২ মিনিটে শেষ করতে পারি, হাতের লেখা পরিস্কার-পরিচ্ছন্ন ও সুন্দর এবং উত্তর প্রাসঙ্গিক হলে অধিক নম্বর পাওয়া যায়। তোমাদের সাফল্য কামনা করছি।
