লঙ্কার সামনে আজ ভঙ্গুর বাংলাদেশ

আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ২১:৪১

ইনজুরিতে জামাল, জ্বর নিয়ে ক্যাম্প ছাড়লেন ইয়াসিন ও সোহেল

g সোহেল সারোয়ার চঞ্চল

সেমিফাইনালে উঠতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশকে আজ জিততেই হবে। দুই দলই ফিলিস্তিনের বিপক্ষে একই ব্যবধানে (২-০) হেরেছে। শ্রীলঙ্কা এবং বাংলাদেশ একই অবস্থানে রয়েছে। দুই দলের জন্যই আজ ডু অর ডাই ম্যাচ। সমীকরণ একই সেমিফাইনালে যেতে হলে জিততে হবে। আর যদি ৯০ মিনিটের খেলার পর ম্যাচ ড্র থাকে তাহলে ম্যাচ সরাসরি টাইব্র্রেকারে গড়াবে।

 সেমিফাইনালের আগে বাংলাদেশ দল আজকের খেলাটিকে কোয়ার্টার ফাইনাল মনে করছে। শক্তির বিচারেও ফেভারিট মনে করছে। শুধু ফিনিশিংয়ের অভাবে গোল হচ্ছে না মনে করছেন কোচ জেমি ডে। আজকে মাঠে ফুটবলারদের কঠিন চ্যালেঞ্জ নিতে হবে মনে করছেন জেমি। হেরে গেলে বিদায় হবে, তাই জয়ের জন্য মুখিয়ে তার খেলোয়াড়রা। দুই দলের শেষ মুখোমুখিতে বাংলাদেশের ঘরে ১০ জয়, ২ ড্র এবং ৪ হার রয়েছে।

বাফুফে ঘোষণা করেছিল চ্যাম্পিয়ন হলে ১ লাখ ডলার, রানার্সআপ হলে ৫০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে। টুর্নামেন্টের গ্রুপ পর্বে ফুটবলারদের পারফরম্যান্সে বাংলাদেশ যে অবস্থানে রয়েছে তাতে সেমিফাইনালে ওঠাই এখন কঠিন হয়ে গেছে। ইনজুরি এবং অসুস্থতার কারণে পুরো শক্তির দল নিয়েই মাঠে নামতে পারছে না আজ বাংলাদেশ। ইনজুরি এবং অসুস্থতার কারণে টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই বিপদে পড়েছিল বাংলাদেশ। সেই মিছিলে যোগ হয়েছেন অধিনায়ক জামাল ভুইয়া এবং ডিফেন্ডার ইয়াসিন খান। এই দুই জন জাতীয় দলের গুরুত্বপূর্ণ ফুটবলার। জামালের হাঁটুতে আঘাতের কারণে আজ মাঠে নামা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আর ডিফেন্ডার ইয়াসিন খানের জ্বর, গোলকিপার শহিদুল আলম সোহেলও জ্বরে ভুগছেন। সোহেলের জায়গায় গোলকিপার আশরাফুল ইসলাম রানা বেশ দক্ষ।  

জাতীয় দলের মাঝমাঠ আগলে রাখেন জামাল ভুইয়া। তার নেতৃত্বের গুণাবলী মাঠে সবাইকে উজ্জীবিত করে। কিন্তু এই ফুটবলার বুধবার টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ফিলিস্তিনের বিপক্ষে হাঁটুতে ব্যথা পাওয়ায় বিপদ ঘটেছে। প্রথমে আঘাত গুরুতর না হলেও পরে বড়ো আকার ধারণ করেছিল। বৃহস্পতিবার বিশ্রাম ছিল। শুক্রবারও অনুশীলন করতে পারেননি। রবিবার জামাল ছিলেন সাইড লাইনে। তাকে দেখা গেছে বাম পায়ে আঘাতপ্রাপ্ত স্থানে বরফ বেঁধে রেখেছেন।

মাঝমাঠের মূল শক্তি জামাল খেলতে পারবেন কি না তা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। গতকাল সকালে শেখ জামালের মাঠে অনুশীলনে নামেননি জামাল। টিম ম্যানেজমেন্ট বলছে আজ সকালে জামালের ফিটনেস পরীক্ষা করা হবে। উতরে গেলে খেলবেন। তবে ঝুঁকি আছে তার। জামাল ফিটনেস পরীক্ষায় উতরে গেলেও একাদশে নাও নামানো হতে পারে। ম্যাচের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত। জামাল ভুইয়ার জায়গায় বিকল্প রাখা হয়েছে মামুনুল ইসলাম, মিডফিল্ডার সোহেল রানা, এবং নতুন মুখ মানিক হোসেন মোল্লাকে। কোচ জেমি ডে জানিয়েছেন তিনি আজ দুপুরে একাদশ নির্ধারণ করবেন।   

ক্যাম্প ছেড়ে চলে গেছেন আরেক ডিফেন্ডার ইয়াসিন খান এবং গোলকিপার সোহেল রানা। গোলকিপার নিয়ে খুব একটা দুশ্চিন্তা না হলেও ইয়াসিন খান চলে যাওয়ায় দলের ক্ষতিই হচ্ছে। অভিজ্ঞ এই ডিফেন্ডারের অসতর্কতায় ফিলিস্তিনের বিপক্ষে একটি গোল হজমে দায়ী করা হয়। তারপরও ঘুরে দাঁড়াবার লড়াইয়ে ইয়াসিন খানকে দরকার ছিল আজ। ডেঙ্গু জ্বর মনে করে দুই জনকেই শুক্রবার রাতে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেছে ভাইরাস। তাই অন্য ফুটবলারদের সঙ্গে রেখে বাড়ি পাঠিয়ে দেন কোচ। তবে ইয়াসিনের জায়গায় রিয়াদুলকে ভাবছেন কোচ। জ্বরের কারণে টুটুল হোসেন বাদশা ক্যাম্প ছেড়েছিলেন। তারও আগে স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবনও জ্বরের কারণে এবার জাতীয় দলে খেলতে পারেননি। 

আজকের খেলা : বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ৫টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম।