স্পোর্টস রিপোর্টার
গত সপ্তাহে বোর্ড সভা শেষে বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচের পদে সংক্ষিপ্ত তালিকায় তিন জনের নাম থাকার কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। যেখানে ওটিস গিবসনই সবচেয়ে এগিয়ে ছিলেন। এই ক্যারিবিয়ানের সঙ্গে বিসিবির আলোচনাও অনেক দূর গড়িয়েছে। শিগিগরই গিবসনকে বাংলাদেশের নতুন বোলিং কোচ নিয়োগ দেওয়ার ঘোষণা দিতে পারে বিসিবি।
তবে এখনো কিছুই চূড়ান্ত হয়নি বলে দাবি বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুনের। গতকাল বিসিবির এই পরিচালক বলেছেন, ‘আমরা তার সঙ্গে আলাপ করেছি। এখনো চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হলে হয়তো পাকিস্তানেও দলের সঙ্গে যাবেন উনি।’ শেষ পর্যন্ত পাকিস্তান সফরে মুস্তাফিজ-রুবেলদের কোচ হিসেবে গিবসনকে দেখা যেতে পারে।
গত বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হেড কোচ ছিলেন সাবেক এই ক্যারিবিয়ান পেসার। এরপর বঙ্গবন্ধু বিপিএলে বিসিবির তত্ত্বাবধানে পরিচালিত কুমিল্লা ওয়ারিয়র্সের হেড কোচের দায়িত্বে ছিলেন গিবসন। বিপিএল চলাকালীনই টাইগারদের বোলিং কোচ হওয়ার আগ্রহ দেখিয়েছিলেন তিনি। বিসিবি ডাকলে সাড়া দিবেন বলেও সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন।
