চরফ্যাশন বাজারের ২৬ দোকান ভস্মীভূত

আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ২১:৫০

চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা

চরফ্যাশন বাজারে শুক্রবার রাতে অগ্নিকাণ্ডে ২৬টি দোকান ভস্মীভূত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ২টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে একটি কাপড়ের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত লোকজন চরফ্যাশন ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে লালমোহন ও বোরহানউদ্দিন উপজেলা সদর থেকে আসা আরো চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি প্রভাষক মনির উদ্দিন চাষী প্রাথমিকভাবে ২৬টি ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন। চরফ্যাশন থানার ওসি শামসুল আরেফীন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে ২৬টি দোকান পুড়ে গেছে।