দৌলতদিয়ায় ফেরির টিকিট বুকিং নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৯

আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ২২:২৮

 গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পণ্যবাহী ট্রাক পারাপারে ফেরির টিকিট বুকিংকে কেন্দ্র করে স্থানীয় ট্রাক দালালদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ৯ জন আহত হওয়াসহ একটি হোটেল ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতের এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় পালটাপালটি মামলা হয়েছে।

জানা যায়, গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে ট্রাক দালালরা টিকিট কেনার পাশাপাশি সিরিয়াল ভেঙে দ্রুত ফেরিপারের কথা বলে কৌশলে তারা বিভিন্ন ট্রাকচালকদের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে। এমন পরিস্থিতিতে গত শুক্রবার রাতে দৌলতদিয়া ঘাটে স্থানীয় দুই দালাল গ্রুপের মধ্যে প্রথমে ধাওয়া-পালটা ধাওয়া ও পরে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের অন্তত ৯ জন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত মোশারফ হোসেন ও রবিউল মোল্লা নামের দুই জনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদের প্রাথমিক চিকিত্সা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান জানান, দৌলতদিয়া ঘাট দিয়ে ট্রাক পারাপারের নিয়ন্ত্রণ নিতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।