খাগড়াছড়ি প্রতিনিধি
জেলার মাটিরাঙ্গা উপজেলা সদরে এক ভুয়া চিকিত্সককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার মাটিরাঙ্গা উপজেলা পরিষদ ভবনের সম্মুখে মেসার্স জমিলা ফার্মেসির চেম্বারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভীষণ কান্তি দাশ অভিযান চালিয়ে এ আদেশ দেন। বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০-এর ২৯ ধারায় ডা. সিফাত হাসান শাহিনকে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। সিফাত হাসান শাহিন ঢাকার কদমতলী দনিয়া এলাকার ১৩৮৯, সওদাগর বাড়ির মো. জজ মিয়ার ছেলে।
ডা. সিফাত হাসান শাহিন তার প্রেসক্রিপসন প্যাড ও ভিজিটিং কার্ডে নামের পাশে এমবিবিএস (ঢাকা), ২৮তম বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (মেডিসিন) ও সিসিডি (বারডেম) ছাড়াও নিজেকে মেডিসিন বিশেষজ্ঞ ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিত্সক হিসেবে উল্লেখ করেছেন।
জানা গেছে, তিনি দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে জমিলা ফার্মেসিতে চেম্বার করে রোগীদের প্রতারণামূলক চিকিত্সা দিয়ে আসছিলেন। সিফাত হাসান শাহিন ১৯৯৩ সালে এসএসসি ও ১৯৯৫ সালে এইচএসসি পাশ করলেও জাতীয় পরিচয়পত্রে উল্লিখিত জন্ম তারিখ অনুযায়ী তার জন্ম তারিখ ১৭ মার্চ ১৯৯৪। তিনি জনৈক ডা. দিলরুবা আকতারের বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার-৩৯২৬৬ নিজের দাবি করে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে প্রাইভেট প্র্যাকটিস করে আসছেন।
