চট্টগ্রাম মহানগরীসহ আশপাশের সড়ক-মহাসড়কে দুর্ঘটনায় মানুষের প্রাণহানি ঘটছেই। আবার সড়ক দুর্ঘটনায় অনেকে গুরুতর আহত হয়ে দুর্বিষহ দিন কাটাচ্ছে। চট্টগ্রামে গত ১৯ দিনে ১৫ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে মোট ২৯ জন। গুরুতর আহত হয়েছে কমপক্ষে ১৬ জন। এর মধ্যে পাঁচ জনের মৃত্যু হয়েছে মহানগরীর বিভিন্ন স্পটে। বাকি ২৪ জনের মৃত্যু হয়েছে নগরীর অদূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ড উপজেলা এবং চট্টগ্রাম-কক্সবাজার সহাসড়কের পটিয়া উপজেলার বিভিন্ন পয়েন্টে। গত ১৭ জানুয়ারি পটিয়া উপজেলার শান্তিরহাটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুই সদস্যসহ নিহত হয়েছেন তিন জন, গুরুতর আহত হয়েছেন অন্তত ১০ জন।
চট্টগ্রাম মহানগরী পুলিশের উপকমিশনার (ট্রাফিক বন্দর জোন) মোহাম্মদ তারেক আহমেদ ইত্তেফাককে বলেন, যানবাহন চালকদের ওপর বেশ চাপ থাকে। তাদেরকে প্রতিদিনই চালাতে হয় গাড়ি। চালকদের প্রতিদিন গাড়ি চালাতে না দিয়ে একদিন পরপর চালাতে দেওয়ার নিয়ম করা দরকার। সেই সঙ্গে সড়কে ফিটনেসবিহীন গাড়ি চালানো সম্পূর্ণ অনুচিত। গত ৩/৪ মাসে আমরা কয়েক হাজার ফিটনেসবিহীন গাড়ি আটক করেছি। কিন্তু দেখা গেছে, গাড়ির মালিকরা বিআরটিএ থেকে টাকা পয়সা দিয়ে ফিটনেস সার্টিফিকেট এনে সেগুলো আবারো রাস্তায় নামিয়ে দিচ্ছে। কিন্তু উচিত হলো ফিটনেসবিহীন গাড়ি একেবারে তুলে দেওয়া। সেই সঙ্গে সড়কসমূহে পথচারীদের পারাপারের সুবিধা বাড়ানো দরকার। হাইওয়েতে ডিভাইডার দেওয়াটা খুবই জরুরি। এখন নগরীতে ফ্লাইওভার হচ্ছে, ফুটওভারব্রিজ হচ্ছে, সড়ক বড়ো হচ্ছে, সেই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধি পেলে দুর্ঘটনা অনেক কমে যাবে।
১৯ দিনে চট্টগ্রামে সড়ক দুর্ঘটনার চিত্র : গত ১৬ জানুয়ারি নগরীর আমবাগান এলাকায় নিহত এক, বাকলিয়ায় নিহত এক, ১২ জানুয়ারি সীতাকুন্ডে ট্রাকের ধাক্কায় নিহত এক, একই দিন সীতাকুন্ডের বাঁশবাড়িয়ায় নিহত এক, ১৩ জানুয়ারি পর্যন্ত গত ১৫ দিনে সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১২ জন, ১১ জানুয়ারি ভাটিয়ারি টোল রোডে নিহত দুই, ১০ জানুয়ারি নগরীর মুরাদপুরে বাসের ধাক্কায় নিহত এক, একই দিন চন্দনাইশের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এক শিশু নিহত, ৮ জানুয়ারি সীতাকুন্ডে ট্রাকের চাপায় প্রাইভেট কারের দুই আরোহী নিহত, ৭ জানুয়ারি সীতাকুন্ডের সলিমপুরে লরি-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত এক, একই দিন নগরীর কাটগড়ে লরির ধাক্কায় মহিলা গার্মেন্টস কর্মী নিহত, ৬ জানুয়ারি বাঁশখালির পুঁইছড়িতে মিনিট্রাকের চাপায় পঞ্চম শ্রেণির শিশু নিহত, ৩ জানুয়ারি নগরীর বাকলিয়ায় শাহ আমানত সেতু সংলগ্ন স্থানে বাসচাপায় নারী নিহত, একই দিন পটিয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে চার জন গুরুতর আহত, ১৭ জানুয়ারি পটিয়ার শান্তিরহাটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত তিন এবং আহত ১০।
