ব্রিটিশ রাজপরিবারে প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেলের ভবিষ্যত্ ভূমিকা নির্ধারণে আলোচনা চলছে। কিন্তু এই আলোচনা প্রক্রিয়া থেকে নিজেকে দূরে রাখতে চাইছেন হ্যারির ভাই প্রিন্স উইলিয়ামস। এসব ঝামেলা থেকে দূরে থাকতে তিনি স্ত্রী কেট মিডলটনকে নিয়ে বসন্তের ভ্রমণের জন্য আয়ারল্যান্ডে যাচ্ছেন। ব্রিটেনের সংবাদমাধ্যম দ্য সানের খবরে এ তথ্য জানানো হয়েছে। এদিকে আইটিভির এক খবরে বলা হয়েছে, প্রিন্স হ্যারি রাজপরিবারে না থাকলে দাতব্য কাজে তার ভূমিকা অব্যাহত থাকবে।
দ্য সানের খবরে বলা হয়েছে, আগামী মার্চে প্রিন্স উইলিয়াম দম্পতির আয়ারল্যান্ড ভ্রমণের সব কিছু চূড়ান্ত করছে ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাকিংহ্যাম প্রাসাদ আশা করছে, ভবিষ্যত্ রাজার এই সফর গণমাধ্যমে সাড়া ফেলবে এবং প্রিন্স হ্যারির রাজ পরিবার ছাড়ার ঘোষণায় সৃষ্ট সংকট থেকে মানুষের নজর সরবে। প্রিন্স হ্যারির ঘোষণার পর উইলিয়াম দম্পতি স্বাভাবিকভাবে তাদের রাজ দায়িত্ব পালন করে চলেছেন। তাদের ভ্রমণের বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি।
এদিকে প্রিন্স হ্যারি রাজপরিবারের দায়িত্ব ছাড়লেও দাতব্য কাজ আজীবন চালিয়ে যাবেন বলে আইটিভির এক খবরে বলা হয়েছে। বলা হচ্ছে, অন্তত একটি দাতব্য প্রতিষ্ঠানে প্রিন্স হ্যারি কাজ অব্যাহত রাখবেন। দাতব্য প্রতিষ্ঠান সেনটেবেইলের চেয়ারম্যান জনি হর্নবে এরই মধ্যে প্রিন্স হ্যারির সঙ্গে বৈঠক করেছেন। লেসেথো ও বতসোয়ানায় এইডসে আক্রান্ত শিশু ও তরুণদের সহায়তার জন্য এ প্রতিষ্ঠানটি প্রিন্স হ্যারি প্রতিষ্ঠা করেন।
হর্নবে বলেন, মৃত্যুর দিন পর্যন্ত প্রিন্স হ্যারি সেনটেবেইলে তার কাজ অব্যাহত রাখবেন বলে আশা করছি। তার এই প্রতিশ্রুতি আগেই ছিল। আর এ কারণে এই প্রতিষ্ঠানের কেউই চিন্তিত নন। তিনি জানান, গত শুক্রবার অনুষ্ঠিত বৈঠকে প্রিন্স হ্যারি অনেক হাস্যোজ্জ্ব্বল এবং মনোযোগী ছিলেন। আমাদের কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরা হয় তার সামনে।
রাজপরিবারের চলমান সংকটের মধ্যে গত বৃহস্পতিবার ডিউক অব সাসেক্স- প্রিন্স হ্যারি বাকিংহ্যাম প্রাসাদে ২০২১ সালে অনুষ্ঠেয় রাগবি লিগ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানের আয়োজন করেন। এছাড়া তিনি শিশুদের সঙ্গে কথা বলেন এবং ছবি তোলেন।
