নির্বাচন পেছানোর ঘোষণার পর রাত পৌনে ৯টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনস্থলে এসে অনশন ভাঙান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এসময় তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি যৌক্তিক দাবি অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মূল্যবোধদ্বারা তাড়িত হয়ে এই দাবিটি করেছেন। নির্বাচন কমিশন সে দাবিকে সম্মান জানিয়েছে, এজন্য কমিশনকে ধন্যবাদ। শিক্ষার্থীদের এই অসাধারণ মূল্যবোধকে আমি শ্রদ্ধা করি।
তিনি বলেন, যখন সমাজের অনেক অংশ কথা বলতে পারে না, তখন অন্ততপক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহত্ মূল্যবোধ প্রতিফলনের জন্য বক্তব্য রাখে। এমন একটি পদ্ধতিতে তারা আন্দোলন করেছে, একটি সুস্থ ধারার চিন্তার প্রতিফলন তারা দেখাতে সক্ষম হয়েছে। গণতান্ত্রিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে একটি যৌক্তিক দাবি তারা উত্থাপন করেছে। এটি সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।
