ভোটগ্রহণের তারিখ পেছানোয় ইসিকে তাবিথ ও ইশরাকের ধন্যবাদ

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ০০:৩৬

আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের তারিখ পেছানোয় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল ও দক্ষিণের প্রার্থী ইশরাক হোসেন। ৩০ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি ভোটগ্রহণের নতুন তারিখ নির্ধারণের পর এক তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় শনিবার রাতে তারা একথা বলেন।

তারা বলেন, তারিখ পেছানোর কারণে এখন সকল সম্প্রদায়ের লোকেরা উত্সাহের সঙ্গে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন। এটি সবার জন্য ভালো হয়েছে। কারণ, আমরা সকলকে নিয়ে পথ চলতে চাই। তারা বলেন, গত ২২ ডিসেম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করার পরই আমরা নির্বাচন কমিশনকে সতর্ক করেছিলাম। আমরা বলেছিলাম ভোটের এ তারিখ নিয়ে একটি বিতর্ক সৃষ্টি হতে পারে। কারণ, আমরা বলেছিলাম ৩০ জানুয়ারি হিন্দু ধর্মের একটি পূজা রয়েছে। বিশেষ করে ঐ পূজাটি শিক্ষা প্রতিষ্ঠানে হয়ে থাকে। এর পরপরই এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আন্দোলন হয়েছে। শুরুতে কিন্তু ইসি এ দাবিটা আমলে নেয়নি। পরে আন্দোলনের মুখে বাধ্য হয়েই ইসি ভোট পিছিয়েছে। আন্দোলনের মুখে ভোটের তারিখ পেছানো সম্ভব হলে নির্বাচন কমিশন চাইলে তাদের পক্ষে আগামীতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়াও সম্ভব। ভোটের তারিখ পেছানোর কারণে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের যে কষ্ট হবে তার জন্য দুঃখ প্রকাশ করেন তারা।