গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত ভারতের অভিনেত্রী শাবানা আজমি

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ০০:৩৭

গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ভারতের প্রবীন অভিনেত্রী শাবানা আজমি। গতকাল মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়ে ধরে ব্যক্তিগত গাড়িতে করে আসার সময় ঘটে এই দুর্ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। খবর এনডিটিভি’র

প্রশাসন জানিয়েছে, একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অভিনেত্রীর গাড়ির। তার সঙ্গে গুরুতর আহত তার গাড়ি চালকও। গাড়িতে স্বামী জাভেদ আখতারও ছিলেন। তবে তার কিছু হয়নি বলে জানা গেছে। সংবাদসূত্রে পাওয়া ছবিতে দেখা গেছে, বড়ো ধরনের দুর্ঘটনার মুখোমুখি অভিনেত্রী। সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় অভিনেত্রীর গাড়ি। দুর্ঘটনা সম্পর্কে রায়গড়ের পুলিশ সুপার অনিল পরাস্কর বিশদে জানিয়েছেন, মুম্বাই থেকে ৬০ কিলোমিটার দূরে খালাপুরের কাছে বিকেল সাড়ে তিনটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। দুমড়ে যাওয়া গাড়ি থেকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে শাবানাকে নবি মুম্বাইয়ের এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়। প্রসঙ্গত, পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত শাবানা আজমি। পেয়েছেন পদ্মশ্রী পুরষ্কারও।