প্রার্থীর সঙ্গে একইমঞ্চে নৌকা মার্কায় ভোট চাওয়া কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মারুফ আহম্মদের প্রত্যাহারের দাবি জানিয়েছে সাতক্ষীরা-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। গতকাল শুক্রবার বিকালে প্রধান নির্বাচন কমিশনারসহ চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবের কাছে লিখিতভাবে আবেদন করেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিব।
চিঠিতে বিএনপি প্রার্থী অভিযোগ করেন, ‘বৃহস্পতিবার কলারোয়া উপজেলা ফুটবল মাঠে শিল্পকলা একাডেমি আয়োজিত এক অনুষ্ঠানে মহাজোট মনোনীত প্রার্থী মুস্তাফা লুত্ফুল্লাহর পক্ষে প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট চান ওসি মারুফ আহম্মেদ। তার বক্তব্যের ভিডিওটি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। মঞ্চে আওয়ামী লীগ ও মহাজোটের নেতা-কর্মীদের সঙ্গে ধানের শীষের প্রার্থীর বিপক্ষে বিষোদগার করেন মারুফ আহম্মেদ।’
চিঠিতে আরো বলা হয়, ‘সরকারি কর্মকর্তা হিসেবে একজন ওসির এ রকম আচরণ গণপ্রতিনিধিত্ব আদেশের ৭৭ অনুচ্ছেদ ও নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ এবং নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ হয়েছে।’ এসব ঘটনায় নিরাপত্তাহীনতায় হাবিব নিজেও এলাকা ছেড়েছেন বলে কমিশনকে অবহিত করেন তিনি। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ও জনগণের আস্থা ফিরিয়ে আনতে কলারোয়া থানার ওসি শেখ মারুফ আহম্মেদের দ্রুত প্রত্যাহার দাবি জানান তিনি।
এ বিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহম্মেদ দাবি করেন, আওয়ামী লীগের পক্ষে ভোট চাওয়ার যে ভিডিও প্রচার করা হচ্ছে তা ভুয়া। এডিট করা হয়েছে। নির্বাচন কমিশনে তার বিরুদ্ধে বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থীর অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি শিল্পকলার একটি অনুষ্ঠানে বক্তব্য দিয়েছিলাম। কিন্তু সেই বক্তব্যের ভোকাল এডিট করা হয়েছে।
