ওয়ার্কার্স পার্টির প্রার্থীর পোস্টারে প্রধানমন্ত্রীর ছবি ইসিতে অভিযোগ

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ০০:৪২

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ আসনের ওয়ার্কার্স পার্টির প্রার্থী মোস্তফা লুত্ফুল্লাহ তার নির্বাচনী পোস্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করছেন, যা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ করেছেন একই আসনের জাতীয় পার্টি-জাপার প্রার্থী ও সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত। গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়।

লিখিত অভিযোগে সৈয়দ দিদার বখত বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোস্তফা লুত্ফুল্লাহ তাঁর নির্বাচনী পোস্টারে তার দল ওয়ার্কার্স পার্টির প্রধান রাশেদ খান মেননের ছবি ব্যবহার না করে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করছেন, যা আচরণবিধির ৭এর ২ উপবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এই ছবি ব্যবহার করে দেশের প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে এবং সঙ্গে সঙ্গে তার (প্রধানমন্ত্রী) সুনাম ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত ও ব্ল্যাকমেইল করে নির্বাচনী বৈতরণি পার হওয়ার অপচেষ্টা করা হচ্ছে।

দিদার বখত আরো বলেন, ‘আচরণবিধি লঙ্ঘন এবং জনগণকে বিভ্রান্ত করে ব্যক্তিগত সুবিধা অর্জনের এই অপচেষ্টা দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচনা করে যথাযথ বিচার এবং তাকে (লুত্ফুল্লাহ) মহান সংসদ সদস্য হওয়ার অযোগ্য ঘোষণাপূর্বক নির্বাচন কমিশন একটি দৃষ্টান্ত স্থাপন করবে বলে আমাদের বিশ্বাস।’

প্রসঙ্গত, নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থীরা দলীয় প্রধানের ছবি ছাড়া অন্য কারও ছবি নির্বাচনী প্রচারণার পোস্টারে ব্যবহার করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। শরিক দলের প্রার্থীরা ধানের শীষ প্রতীকে অংশ নিলে প্রচারকাজে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি ব্যবহার করার সিদ্ধান্ত চেয়ে কমিশনকে চিঠি দিয়েছিল। ওই চিঠির পরিপ্রেক্ষিতে নিবন্ধিত দলগুলোকে এ সিদ্ধান্ত জানিয়ে দেয় নির্বাচন কমিশন।