ধুনটে গুদামে জায়গা না থাকায় ধান ক্রয় বন্ধ

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ২১:৩৫

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার ধুনট উপজেলায় সরকারি গুদামে ন্যায্য মূল্যে আমন ধান ক্রয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে খাদ্য বিভাগ। খাদ্য গুদামে ধারণ ক্ষমতা না থাকায় রোববার কৃষকের নিকট থেকে ধান ক্রয় বন্ধ করে দেওয়া হয়। এতে করে তালিকাভুক্ত ৮৮৬ জন কৃষক গুদামে ধান বিক্রি করতে না পেরে চরম বিপাকে পড়েছেন। 

উপজেলার গোসাইবাড়ী খাদ্য গুদামের উপখাদ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) তরিকুল ইসলাম বলেন, গোসাইবাড়ী খাদ্য গুদামের অনুকূলে বরাদ্দকৃত ৬৭৪ মেট্রিক টন ধানের মধ্যে ১৮০ মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে। ধুনট গুদামের খাদ্য পরিদর্শক কামরুল ইসলাম বলেন, ১ হাজার ৯৬ মেট্রিক টনের মধ্যে ২১০ মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে। কিন্ত খাদ্য গুদামে জায়গা না থাকায় ধান ক্রয় আপাতত বন্ধ রাখা হয়েছে।  

এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) সেকেন্দার রবিউল ইসলাম বলেন, গুদামে প্রয়োজনীয় জায়গা খালি করে নির্ধারিত সময়ের মধ্যেই কৃষকের নিকট থেকে ধান ক্রয় করা হবে।