স্পোর্টস ডেস্ক
রিয়াল মাদ্রিদ নিজেদের মাঠে সেভিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে লা লিগার শীর্ষে ফিরে এসেছে। তবে প্রথমার্ধের বাতিল হওয়া গোল নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন সেভিয়া কোচ হুলেন লোপেতেগুই। তবে রিয়াল কোচ জিদানও পালটা উত্তর ছুড়ে দিয়েছেন প্রতিপক্ষ কোচের উদ্দেশ্যে।
শনিবার রাতে গোলশূন্য প্রথমার্ধের পর ৫৭ মিনিটে ক্যাসেমিরোর গোলে এগিয়ে যায় রিয়াল। ৬৪ মিনিটে লুক ডি ইয়ং সমতায় ফেরান সেভিয়াকে। ৬৯ মিনিটে আবারও গোল করে স্বাগতিক দলটিকে এগিয়ে দেন ক্যাসেমিরো। ফলে ন্যূনতম ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
তবে প্রথমার্ধ গোলশূন্য হলেও সেভিয়া একবার ঠিকই রিয়ালের জাল কাঁপিয়েছিল। জালে জড়ানোর আগে ফাউলের খড়গে বাতিল হয় লুক ডি ইয়ংয়ের ৩০ মিনিটের প্রয়াসটি। এ কারণেই ক্ষোভে ফুঁসছে সেভিয়া। দলটির কোচ লোপেতেগুই বলেন, ‘কেউ আমাকে বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আসলেই আমি বুঝতে পারছি না কেন গোলটা বাতিল করা হলো, এখানে বড়ো ধরনের ভুলই হয়েছে।’
দলের ক্রীড়া পরিচালক মঞ্চির মত, এখানেই ম্যাচটা হেরেছিল সেভিয়া। তিনি বলেন, ‘ট্যাকটিক্যালি অথবা টেকনিক্যালি আমি ম্যাচটা বিশ্লেষণ করতে যাচ্ছি না। কারণ মুহূর্তটা ছিল ভীষণ গুরুত্বপূর্ণ।’
তবে রিয়াল কোচ জিদান এতে দ্বিমতই পোষণ করলেন। তিনি বলেন, ‘এ বিষয়ে আমি বলতে পারি আমি যা দেখেছি তা হলো—এটি ফাউল ছিল। রেফারি ভিএআরের সাহায্যে ফাউল দিয়েছে।’ তবে সেভিয়ার সমতাসূচক গোলটায় আপত্তি আছে ফরাসি এই কোচেরও, ‘দ্বিতীয়ার্ধের ওটাও হ্যান্ডবল ছিল, কিন্তু রেফারি সেটা দেননি।’
