স্পোর্টস রিপোর্টার
দক্ষিণ এশিয়ার ফুটবল সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে চায় বুরুন্ডি। সাফের দেশ না হয়েও তারা সাফে খেলতে চায়। বুরুন্ডি ফুটবল ফেডারেশনের সভাপতি এবং সেই দেশের সংসদের স্পিকার রিভেরি এন কানুরিও গতকাল বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করলে সেখানে সাফে খেলার কথা উত্থাপন করেন। বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন পরে সংবাদ মাধ্যমের প্রশ্নে এসব তথ্য জানান। বুরুন্ডি সাফে খেলতে পারবে কিনা তা নিশ্চিত না । কারণ সাফে শুধুমাত্র সাফ অঞ্চলের দেশগুলো খেলতে পারে। আফগানিস্তানকে সাফে অন্তর্ভুক্ত করা হলেও তারাও এখন আর সাফে নেই। আশিয়ান অঞ্চলে চলে গেছে। আফগানিস্তান আরো ওপরে খেলতে চায়। আফগানিস্তান না থাকায় এখন ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাংলাদেশ সাফের সদস্য। এই দলগুলো নিয়েই সাফ হওয়ার কথা রয়েছে ঢাকায় আগামী সেপ্টেম্বরে। সেই সাফে বুরুন্ডিকে দেখা যাবে কিনা এমন প্রশ্নে বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন বলেন, ‘আমরা সাফে এটা নিয়ে আলোচনা করব। এখনই বলতে পারছি না। বুরুন্ডি ফুটবল ফেডারেশনের সভাপতিকে আমি জানিয়েছি এটা আমার একার বিষয় নয়। সাফের কমিটি আছে আলোচনা হবে সেখানে।’
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে খেলতে এসে বুরুন্ডি ফুটবল ফেডারেশনের সভাপতি রিভেরি কানুরিও জানিয়েছেন আজকাল এএফসি ফিফার ফুটবল ব্যস্ততার মধ্যেও এধরনের টুর্নামেন্ট আয়োজন করা কঠিন। তিনি বলেন, ‘আমরা খেলতে এসেছি আর এখানে আমাদের নিয়ে সমালোচনা হয়েছে। আমরা খেলে প্রমাণ করে দিয়েছি। বুরন্ডি ফুটবল দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে। আমাদের খেলা দর্শকদের মনে ধরেছে সেটা গ্যালারির দর্শকের সমর্থন দেখে বুঝতে পারছি। আমরা ট্রফি জয় করতে এসেছি।’
