এইচএসবিসি বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ওয়ালটন

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ২১:৪৭

বাংলাদেশি ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য উত্পাদন শিল্পের পথিকৃত ওয়ালটন। দীর্ঘদিন ধরে আমদানি বিকল্প পণ্য উত্পাদন ও বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। এরই স্বীকৃতিস্বরূপ হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশনের (এইচএসবিসি) কাছ থেকে সেরা আমদানি বিকল্প পণ্য উত্পাদনকারী প্রতিষ্ঠানের পুরস্কার পেয়েছে ওয়ালটন গ্রুপ।

গত শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘ফার্স্ট এইচএসবিসি বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে ওয়ালটনসহ মোট আটটি প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়। ‘বেস্ট ইন ইমপোর্ট সাবস্টিটিউশন’ ক্যাটাগরিতে এ পুরস্কার জিতে নেয় ওয়ালটন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তার কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক এস এম মাহবুবুল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফ্রাঁসোয়া দ্য ম্যারিকো এবং ডেপুটি সিইও মাহবুব উর রহমান। —প্রেস বিজ্ঞপ্তি