কার্টিজ পেপার সংকট

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ২২:১৬

দীর্ঘদিন যাবত্ কার্টিজ পেপার সংকট ও চড়া মূল্যে একদিকে যেমন আইনজীবীরা বিপাকে পড়ছেন, অপরদিকে এ খাত থেকে কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। এ সংকট নিরসনে শিগগিরই সরকারের হস্তক্ষেপ কামনা করছেন সংশ্লিষ্ট ভুক্তভোগীরা। রেজিস্ট্রি অফিসের সব ধরনের দলিল, কোর্টে দেওয়ানি আদালতে মামলা দায়ের, সব দলিলের স্ট্যাম্প ছাড়া অতিরিক্ত সিটসহ অন্যান্য মামলা ও দলিলে এই কার্টিজ পেপার ব্যবহার করা হয়। কার্টিজ পেপার—যা রেপ কাগজ নামেও পরিচিত, আদালতে আইনজীবীদের অভিযোগ, এই পেপারের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। এতে রেজিস্ট্রিসহ বিভিন্ন দাফতরিক কাজে সেবা গ্রহীতাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সাধারণত জেলা প্রশাসনের ট্রেজারি শাখা থেকে নির্ধারিত ভেন্ডারের মাধ্যমে সিকিউরিটি প্লেইন পেপার বা কার্টিজ পেপার সরবরাহ করা হয়। নির্ধারিত ভেন্ডাররা ট্রেজারার থেকে সংগ্রহ করে আইনজীবীসহ সংশ্লিষ্টদের মধ্যে সরবরাহ করে থাকেন। জজ আদালতে মামলা দায়েরের ক্ষেত্রে এবং আসামিদের জামিন আবেদনের ক্ষেত্রে এই পেপার ব্যাপক ব্যবহার হয়। এ কারণে আদালত প্রাঙ্গনে এর চাহিদা অনেক। সরকার নির্ধারিত প্রতিটি কার্টিজ পেপারের মূল্য তিন থেকে পাঁচ টাকা, ভেন্ডারের লাভসহ সর্বোচ্চ সাত আট টাকা। তবে গত একবছর ধরে আদালত প্রাঙ্গনে এ কার্টিজ পেপার ৫০ থেকে ৬০ টাকায় বেচা কেনা হচ্ছে। গত জুন থেকে সংকট আরও প্রকট হয়েছে। এ অবস্থায় কার্টিজ পেপার প্রতি পিস ৬০ থেকে ৮০ টাকা দরে বেচা কেনা হচ্ছে। অতিরিক্ত মূল্য ও কার্টিজ সংকটের কারণে এটি নকল হওয়ার সমূহ আশঙ্কা তৈরি হয়েছে এবং এক্ষেত্রে সরকার বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হবে। দীর্ঘদিনের কার্টিজ সংকট দূর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করছি।

মো. জিল্লুর রহমান

সতিশ সরকার রোড, গেন্ডারিয়া, ঢাকা