মেয়ের বিরুদ্ধে বাবার অভিযোগ

রাজপরিবারকে সস্তা বানিয়ে ফেলছেন মেগান মার্কেল

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ২২:৩৮

বাবা থমাস মার্কেল এবার মেয়ে ও ব্রিটেনের প্রিন্সেস মেগান মার্কেলের বিরুদ্ধে নতুন অভিযোগ করেছেন। থমাসের অভিযোগ, মেগান রাজপরিবারকে সস্তা বানিয়ে ফেলছে। তার মতে, যেখানে প্রতিটি মেয়ের স্বপ্ন থাকে রাজবধূ হওয়ার, সেখানে অর্থের জন্য সেই পরিবারটি ছাড়ছে সে। প্রিন্স হ্যারি ও প্রিন্সেস মেগান রাজপরিবার ত্যাগ করেছেন। শনিবার বাকিংহাম প্যালেস এবং রানি দ্বিতীয় এলিজাবেথের পৃথক বিবৃতিতে এই তথ্য জানিয়েছিল। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন হ্যারি ও মেগানের মঙ্গল কামনা করেছেন। খবর রয়টার্সের

চ্যানেল ৫ নিউজের একটি তথ্যচিত্রে দেওয়া সাক্ষাত্কারে থমাস মার্কেল বলেন, ‘এটা খুবই হতাশার যে, প্রতিটি মেয়ে যে স্বপ্ন দেখে সেটি পেয়েও দূরে ঠেলে দিচ্ছে মেগান।’ অর্থের জন্যই সে এটা করছে বলে মন্তব্য করেন থমাস। চলতি মাসের শুরুতে প্রিন্স হ্যারি ও মেগান রাজপরিবার ছাড়ার ঘোষণা দেওয়ার পর বাবা থমাসের সাক্ষাত্কার গ্রহণ করা হয়। গতকাল রবিবার এর আংশিক প্রচার করা হয়।

থমাস বলেন, রাজপরিবার দীর্ঘদিন ধরে বেঁচে থেকে একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ২০১৮ সালের মে মাসে যখন মেগান হ্যারিকে বিয়ে করে, তখন রাজপরিবারের অংশ হবে এবং রাজপরিবারকে প্রতিনিধিত্ব করবে বলে জানানো হয়েছিল। অথচ তারা সেটাকে ধ্বংস করছে, সস্তা বানিয়ে ফেলছে, নিকৃষ্ট হিসেবে পরিচিত করছে। তারা এটাকে মুকুটযুক্ত একটা ওয়ালমার্ট বানাচ্ছে। এটা হাস্যকর। তাদের এই কাজ করা উচিত নয়। উল্লেখ্য, হ্যারিকে বিয়ের পর থেকে মেগানের সঙ্গে তার বাবার সাক্ষাত্ হয়নি।