আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণ করায় ঐ দিন সাধারণ ছুটি ঘোষণা জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আন্দোলনের মুখে ঢাকার দুই সিটি ভোট ৩০ জানুয়ারির পরিবর্তে দুই দিন পেছানো হয়। ছুটির নির্দেশনাটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে গতকাল রবিবার রাতে পাঠিয়েছে নির্বাচন কমিশন। ইসির উপ-সচিব মো. আতিয়ার স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাধারণ নির্বাচন ৩০ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে।
নির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণের দিন অর্থাত্ ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন।
উল্লেখ্য, শনিবার সাপ্তাহিক সরকারি ছুটি হিসেবে লিপিবদ্ধ থাকলেও স্বাস্থ্যসেবা ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ যে সকল অফিস/ প্রতিষ্ঠান/ সংস্থা শনিবার কর্মদিবস হিসেবে গণ্য হয় সে সকল অফিস/সংস্থা/প্রতিষ্ঠানেও সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন। এ জন্য ১ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।
