যুক্তরাজ্যের হাসপাতালে পরা যাবে হিজাব!

আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ০০:৩১

যুক্তরাজ্যের একটি হাসপাতালে সম্প্রতি একবার ব্যবহারযোগ্য জীবাণুমুক্ত হিজাব পরার অনুমতি দেওয়া হয়েছে। রয়্যাল ডারবি হসপিটালের মালয়েশিয়া বংশোদ্ভূত এক জুনিয়র ডাক্তার ফারাহ রসলান প্রশিক্ষণের সময় হিজাবের এই জীবাণুমুক্ত হিজাব পরার ভাবনাটা প্রথম মাথায় আনেন। যা একবারই ব্যবহারযোগ্য। তখন তিনি ইউনিভার্সিটি হসপিটালস অব ডারবি ও বার্টন এনএইচএস ট্রাস্টে মেডিক্যাল শিক্ষার্থী ছিলেন। আশা করা হচ্ছে, এটি ব্রিটেনের সব হাসপাতালে অনুসরণ করা হবে। যদিও যুক্তরাজ্যের এনএইচএস বলেছে, জীবাণুমুক্ত হিজাব পরার বিষয়টি প্রতিটি ট্রাস্টের নিজেদের ওপর নির্ভর করবে।

বিবিসির খবরে বলা হয়েছে, ফারাহ রোসলান বর্তমানে লিংকনশায়ার হাসপাতালে কর্মরত। তিনি জানান, সারাদিন মাথায় স্কার্ফ পরে থাকায় এটি সাধারণত পরিষ্কার ও স্বাস্থ্যকর থাকে না। এটা খুলে রাখতেও আমি স্বস্তিবোধ করতাম না। সংক্রমণের আশঙ্কায় প্রথমদিকে আমাকে হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে শ্রদ্ধার সঙ্গেই বের করে দেওয়া হয়েছিল। ফারাহ রোসলান কাজের দিক ও বিশ্বাসের সঙ্গে একটি সমাধান চেয়েছিলেন। সেই চেষ্টা থেকে এই হিজাবের উত্পত্তি। তিনি বলেন, আমি এখন খুবই খুশি। এখন দেখি কীভাবে এর ব্যাপক ব্যবহার ঘটানো যায়।