‘ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়াম’ (আইওএনএস) এর দশ বছর পূর্তি উপলক্ষে ভারতের কোচিতে অনুষ্ঠিতব্য সেমিনারে অংশ নিতে নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ গতকাল সোমবার ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা আনুষ্ঠানিকভাবে নৌ প্রধানকে বিদায় জানান।
১৩ হতে ১৪ নভেম্বর পর্যন্ত উক্ত সম্মেলনে আইওএনএস এর সদস্য রাষ্ট্রসমূহ অংশগ্রহণ করছে। এই সেমিনার ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে মেরিটাইম সহযোগিতার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতাকে আরও জোরালো করবে। পাশাপাশি এ অঞ্চলের সদস্য দেশসমূহের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে ব্লু-ইকোনমি ধারণাকে সঠিকভাবে কাজে লাগাতে এই সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভারত সফরকালে নৌবাহিনী প্রধান ভারতীয় নৌপ্রধানের সাথে সৌজন্য সাক্ষাত্সহ আইওএনএসের অন্য সদস্য রাষ্ট্রসমূহের ঊর্ধ্বতন নৌ কর্মকর্তাদের সাথে মত বিনিময় করবেন। সরকারি সফর শেষে নৌ প্রধান আগামী ১৫ নভেম্বর দেশে ফিরবেন।
