‘ভিন্ন জগত্’-এ একদিন

আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ২০:২৬

l মো. আমিরুজ্জামান

সৈয়দপুর (নীলফামারি) সংবাদদাতা

 

এই নিরন্তর কোলাহলের শহর ছেড়ে দু দণ্ড নিরিবিলি সময় কাটাতে যেতে পারেন উত্তরবঙ্গের ‘ভিন্ন জগত্’-এ। অত্যাধুনিক পিকনিক স্পট, বিনোদন কেন্দ্র—যা-ই বলুন না কেন, একবার দেখে আসতে পারেন রংপুরের এই ভিন্নমাত্রার ভিন্ন জগত্। এ বিভাগের সবচেয়ে বড়ো পিকনিক স্পট এটি। গঙ্গাচড়া উপজেলার খলেয়া ইউনিয়নের গঞ্জীপুর গ্রামে এর অবস্থান।

বেসরকারিভাবে প্রায় ৩০০ একর জমির ওপর গড়ে ওঠা এই বিনোদন কেন্দ্রটি সারাক্ষণ নানা জাতের পাখির কোলাহলে মুখরিত থাকে। গাছে গাছে পাখিদের আনাগোনাও চোখে পড়ে। ভিন্ন জগতের শোভা বাড়িয়েছে দেশি-বিদেশি হাজারো গাছ। দর্শনার্থীরা চাইলে গাছের ছায়ায় সারাদিন ঘুরে বেড়াত পারেন। প্রধান ফটক পেরোলেই ভিন্ন জগতের তিন দিকঘেরা বিশাল লেকের নয়নাভিরাম দৃশ্য দেখা শেষ হলেই সামনে পড়বে লোহার একটি ব্রিজ। ব্রিজটি পার হলেই ভিন্ন জগতের ভেতরে যেন আরেক জগত্।

এখানে রয়েছে দেশের প্রথম প্ল্যানেটোরিয়াম। রয়েছে রোবট জোন, স্পেস জার্নি, জল তরঙ্গ, সি প্যারাডাইস, আজব গুহা, নৌকা ভ্রমণ, শাপলা চত্বর, বীরশ্রেষ্ঠ ও ভাষা সৈনিকদের ভাস্কর্য, থ্রিডি মুভি, ফ্লাই হেলিকপ্টার, মেরি গো রাউন্ড, লেক ড্রাইভ, সুইমিং পুল, স্পিনিং হেড, মাছ ধরার ব্যবস্থা। একই সঙ্গে রয়েছে অনেকগুলো পৃথক দলের পিকনিক করার ব্যবস্থা। শুধু ভেতরেই রয়েছে অন্তত ৮০০ থেকে ৯০০ গাড়ি পার্কিংয়ের সুবিধা। কটেজ রয়েছে ৭টি। রয়েছে থ্রি-স্টার মডেলের ড্রিম প্যালেস।

জলাশয়ে রয়েছে নৌকা ভ্রমণের সুবিধা। শিশুদের জন্য রয়েছে ক্যাঙ্গারু, হাতি, ঘোড়াসহ নানা জীবজন্তর মূর্তি। ভিন্ন জগতের জলাশয়ের চারপাশে রয়েছে পরিকল্পিতভাবে লাগানো নানা জাতের শোভা বর্ধনকারী গাছ। দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন বাস, মাইক্রোবাস, মোটরসাইকেল, রিকশা, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে করে প্রচুর মানুষ বেড়াতে আসেন এখানে। উত্তরাঞ্চলের অন্যান্য বিনোদন কেন্দ্রের চেয়ে এই বিনোদন কেন্দ্রে নিরাপত্তা থেকে শুরু করে সব কিছুই ভালো। ভিন্ন জগতে থাকা-খাওয়াসহ সব ধরনের ব্যবস্থা রয়েছে।

ভিন্ন জগতে প্রবেশের জন্য নির্ধারিত ভাড়া গুনতে হয়। ভেতরের প্রতিটি রাইডের জন্য আলাদা করে টাকা দিতে হয়। দর্শনার্থীদের থাকার জন্য নিজস্ব একটি প্যালেসও রয়েছে। যার কক্ষগুলো অত্যাধুনিক।

 

যেভাবে ভিন্ন জগতে যাবেন

ঢাকার মহাখালী, কল্যাণপুর, মোহাম্মদপুর ও গাবতলী থেকে রংপুরগামী বেশ কয়েকটি বিলাসবহুল এসি ও নন-এসি বাস রয়েছে। এছাড়া কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনে রংপুর ও সৈয়দপুর এসে সেখানে সহজে যাওয়া যায়। রংপুর থেকে সরাসরি ভিন্ন জগতে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা রয়েছে। এক্ষেত্রে প্রাইভেটকার ও মাইক্রোবাস ভাড়ায় মেলে। এছাড়া সৈয়দপুর বিমানবন্দর থেকেও যাওয়া যায়। ট্রেন ও বাসেও যেতে পারেন রংপুর। দিনাজপুর-রংপুরের গাড়িতে চড়েও ভিন্ন জগতে যাওয়া যায়। সেক্ষেত্রে নামতে হবে রংপুরের পাগলা পীর বাসস্ট্যান্ডে। এছাড়া রংপুর থেকে জলঢাকাগামী গাড়িতে ভিন্ন জগতে যেতে পারবেন। সেখান থেকে ১০০ থেকে ১৫০ টাকায় ব্যাটারিচালিত ইজি বাইকে করে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে যাওয়া যায় ভিন্ন জগতে।