খুলনায় পাঁচ তারকা রেডিসন হোটেল

আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ২০:৪৫

দেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর নগরী এবং আন্তর্জাতিক স্বীকৃত সুন্দরবন পরিবেষ্টিত পর্যটন নগরী খুলনায় রেডিসন হোটেল গ্রুপ প্রাইভেট লিমিটেডের সঙ্গে দ্য গ্র্যান্ড হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেডের যৌথ ব্যবস্থাপনায় বিশ্বমানের পাঁচ তারকা হোটেল স্থাপন করা হবে। সম্প্রতি এই লক্ষ্যে রেডিসন হোটেল গ্রুপ প্রাইভেট লিমিটেড ও দ্য গ্র্যান্ড হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেডের মধ্যে আনুষ্ঠানিকভাবে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রেডিসন হোটেল গ্রুপের দক্ষিণ এশিয়ার চেয়ারম্যান ও উপদেষ্টা কে. বি. কাচরু এবং দ্য গ্র্যান্ড হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেডের চেয়ারম্যান গাজী মিজানুর রহমান স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এ সময় দ্য গ্র্যান্ড হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গাজী সেজান তানভীর ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশে রেডিসন হোটেল গ্রুপ তাদের চতুর্থ ফ্রাঞ্চাইজি হিসেবে এই পাঁচ তারকা হোটেলটি পরিচালনা করবে, যার আনুষ্ঠানিক উদ্বোধন হবে ২০২২ সালের প্রথম দিকে।