সাত দল চূড়ান্ত

আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ২১:২৯

মহিলা ফুটবল লিগ আয়োজন করতে গিয়ে বাফুফে মহবিপাকেই পড়েছে। কোনো ক্লাবই মহিলা লিগ খেলতে রাজি না। মোহামেডান আবাহনীর মতো বড়ো দলগুলো লিগটির প্রতি আগ্রহ দেখায়নি। একটা সভা করেছিল সেখানে পুলিশ, বিজেএমসি, শেখ জামাল, মোহামেডান, শেখ রাসেল প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রায় সবারই এক কথা সুবিধাজনক সময়ে খেলা হলে ভালো। পুরুষ ফুটবল চলাকালীন যেন মহিলা লিগ না হয়। সব কিছু সামাল দিয়ে একমাত্র বসুন্ধরা কিংস সঠিকভাবে দল গড়ে লিগ খেলার প্রস্তুতি নিয়েছে।

মহিলা জাতীয় দলের ক্যাম্পে থাকা প্রায় সব খেলোয়াড় নিয়ে গেছে বসুন্ধরা কিংস। বাকিরা কয়েকটি ক্লাবে গেলেও শেখ রাসেল ক্রীড়া চক্র সব কিছু ঠিকঠাক করেও খেলল না। গতকাল রবিবার বিকালে শেখ রাসেলের কর্মকর্তা সালেহ জামান সেলিম বাফুফে ভবনে গিয়ে জানিয়েছেন তারা মহিলা লিগে খেলবেন না। গতকাল বাফুফেতে মহিলা লিগ নিয়ে হওয়া সভায় আনুষ্ঠানিকভাবে জানিয়েও দিয়েছে শেখ রাসেলের না খেলার বিষয়টি। ওয়ালটন খেলবে বলে শোনা গেলেও সেটিও হচ্ছে না।  

এসবের মধ্যেই মহিলা ফুটবল কমিটি জানিয়েছে লিগ ঘোষিত সময় ৩১ জানুয়ারিই শুরু হবে। এমনকি চলমান খেলোয়াড় দলবদলও নির্ধারিত সময় ২৬ জানুয়ারি শেষ হবে। সর্বশেষ খবর হচ্ছে ৭ দল নিয়ে ডাবল লিগ খেলা হবে। দলগুলো চূড়ান্ত করে বাফুফে তাদের নিয়ে একটা সভাও করেছে।

বসুন্ধরা কিংস ছাড়াও বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব, নাসরিন স্পোর্টিং ক্লাব, কাচারীপাড়া একাদশ, কুমিল্লা ইউনাইটেড, স্বপ্নচূড়া আকিলপুর ফুটবল একাডেমি এবং উত্তরবঙ্গ এফসি খেলবে লিগে।