১৭টি পণ্য আমদানিতে অগ্রাধিকার দিতে ব্যাংকগুলোকে নির্দেশ

আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ২১:৪৯

নিত্যপ্রয়োজনীয় পণ্য হিসেবে ঘোষিত ১৭টি পণ্য আমদানির ক্ষেত্রে প্রয়োজনীয় কার্যক্রমে অগ্রাধিকার দিতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পণ্যগুলো হলো—সয়াবিন তেল, পাম তেল, পেঁয়াজ, চিনি, রসুন, মসুর ডাল, ছোলা, শুকনা মরিচ, দারুচিনি, লবঙ্গ, এলাচ, ধনে, জিরা, আদা, হলুদ, তেজপাতা ও ভোজ্য লবণ। বাণিজ্য মন্ত্রণালয়ের এক চিঠির পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। ২০১২ সালে এক প্রজ্ঞাপনে এসব পণ্যকে নিত্যপ্রয়োজনীয় পণ্য হিসেবে ঘোষণা করা হয়।

গত রবিবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্ট পণ্যগুলো আমদানির ক্ষেত্রে কার্যক্রম নির্বিঘ্নে ও দ্রুত শেষ করতে প্রয়োজনীয় সহযোগিতা দিতে হবে। এ ক্ষেত্রে ব্যাংকের বৈদেশিক মুদ্রা লেনদেনকারী বা অনুমোদিত (অথরাইজড) ডিলার-এডি শাখাকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে অনুরোধ জানানো হয়।

এর আগে চলতি মাসের শুরুতে বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংককে একটি চিঠি পাঠায়। চিঠিতে পণ্যগুলো আমদানিতে যাবতীয় কার্যক্রম দ্রুত শেষ করতে নির্দেশনা দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানানো হয়।

প্রসঙ্গত, প্রতি বছর রমজান মাসের শুরুতে আলোচ্য পণ্যগুলোর দর বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ বিপাকে পড়ে যায়। সরকারের নানামুখী উদ্যোগের পর একশ্রেণির অসাধু ব্যবসায়ী কিছু নিত্যপণ্যের দর বাড়িয়ে বাড়তি মুনাফা হাতিয়ে নেয়। এবার আগে থেকেই সরকার এ বিষয়ে খেয়াল রাখছে। আগামী রমজানে নিতপণ্যের দর সহনীয় পর্যায়ে রাখতে ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ব্যবসায়ীদের নিয়ে সম্প্রতিক এক বৈঠকে এ বিষয়ে কথাও বলেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।