স্কুলছাত্র কাউসার হত্যায় দম্পতিসহ চার জনের মৃত্যুদণ্ড

আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ২২:৪১

ঢাকার কামরাঙ্গীরচরের চয়ন একাডেমির অষ্টম শ্রেণির ছাত্র কাউসার হত্যা মামলায় এক দম্পতিসহ চার জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। গতকাল সোমবার ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. নজরুল ইসলাম এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন আলতাফ হোসেন ও তার স্ত্রী ফরিদা, জামির আলী এবং শাহজাহান। জামির আলী পলাতক রয়েছেন।

আদালতের রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি হুমায়ুন কবির চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।

২০১২ সালের ১৬ মে থেকে ১৭ মে বিকালের কোনো এক সময় আসামিরা কাউসারকে অপহরণ করে নিয়ে আলতাফের বাসায় খাটের নিচে আটকে রাখে। পরে চিরকুট পাঠিয়ে এবং মোবাইল ফোনে তারা কাউসারের বাবার কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় কাউসারের পরিবার        কামরাঙ্গীরচর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। ১৯ মে অপহরণকারীদের হাতে মুক্তিপণের টাকা তুলে দিলেও কাউসারকে অপহরণকারীরা ফেরত দেয়নি। ২৬ মে অপহরণের মামলা করা হয়। আসামি জামিরকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য আসামিদের আটক করে পুলিশ। আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহরণের প্রায় তিন মাস পর ১৮ আগস্ট কাউসারের বাসার কাছে দেওয়ালঘেরা একটি জমির মাটি খুঁড়ে তার দেহাবশেষ উদ্ধার করা হয়।