পিএস-এপিএসদের জিজ্ঞাসাবাদেই থেমে থাকবে না দুদক ----------ইকবাল মাহমুদ

আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ০০:৪৬

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, পিএস-এপিএসদের জিজ্ঞাসাবাদেই থেমে থাকবে না দুদক, অনিয়ম-দুর্নীতিতে আর কারা জড়িত তা খুঁজে বের করা হবে। গতকাল সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে ‘দেশব্যাপী দুর্নীতিবিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২০’ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার ইঙ্গিত দিয়ে দুদক চেয়ারম্যান বলেন, ‘আমরা নীরব না, আমাদের যে চোখ নেই, তা না। দুর্নীতি যেখানেই ঘটেছে, সেখানেই তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে এবং আমার জানা মতে, অলরেডি একটি মামলা হাইকোর্টে আছে যে কোনো একজনের বিরুদ্ধে। আর ‘আর ১০ পারসেন্ট বা ৫ পারসেন্ট এসব বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আমাদের বক্তব্য হচ্ছে—দুর্নীতি হয়েছে কি না। সেটা যদি ১ শতাংশও হয়, সেটাও দুর্নীতি।

২৬ হাজার স্কুলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, দুর্নীতির নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতন করতে দুদক আয়োজনে দেশের ২৬ হাজার ২১৩টি স্কুলে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে শুরু হয়েছে দুর্নীতিবিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা। গতকাল শুরু হওয়া এ প্রতিযোগিতা উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ের পর জাতীয় পর্যায়ে ৩১ ডিসেম্বর চূড়ান্ত পর্বের মধ্য দিয়ে শেষ হবে। এই বিতর্ক প্রতিযোগিতায় সহযোগিতা দিচ্ছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই ও অক্সফাম ইন বাংলাদেশ। প্রতিযোগিতার চূড়ান্ত চ্যানেল আই সরাসরি সম্প্র্রচার করবে।

দুদকের সততা সংঘ বিতর্ক প্রতিযোগিতার জন্য কয়েকটি বিষয় নির্ধারণ করেছে। এগুলো হলো—‘মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে’; ‘দুর্নীতিবিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য’; ‘অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ’; ‘তথ্য প্রযুক্তির সর্বাত্মক ব্যবহারই পারে দুর্নীতিমুক্ত দেশ গড়তে’ এবং ‘প্রতিরোধ নয়, দমনই দুর্নীতি নির্মূলের কার্যকর উপায়’। এ সময় দুদক কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম, সচিব মুহাম্মদ দিলোয়ার বখত, মহাপরিচালক এ কে এম সোহেলসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।