ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মো. আতিকুল ইসলামের বিরুদ্ধে আনা বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের দুটি অভিযোগের বিষয়ে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম। গতকাল সোমবার রাতে ৩৮ নম্বর ওয়ার্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী মোর্শেদ ও ২৬ নম্বর ওয়ার্ডের মহুয়া আফরোজকে এ-সংক্রান্ত নির্দেশনার চিঠি পাঠানো হয়েছে।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম বলেন, ‘আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলামের বিরুদ্ধে তাবিথ আউয়ালের অভিযোগর বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আমরা কমিশনের চিঠি পেয়ে সে অনুযায়ী তদন্ত করে ৭২ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দিয়েছি।’
নৌকা প্রতীকের প্রার্থী, অর্থাত্ আতিকুল ইসলামের বিরুদ্ধে প্রচার শুরুর নির্ধারিত সময়ের আগেই প্রচারে অংশ নেওয়ায় একবার শোকজ করেছিলেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম।
