মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
মহেশপুরের ভবনগর গ্রামে হনুমানের উপদ্রব বেড়েছে। তাই এলাকাবাসীর ফসলের খেত রক্ষায় ফাঁদ পেতে হনুমান মেরে ফেলছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘকাল থেকে মহেশপুরের ভবনগর গ্রামের বনজঙ্গলে এ সকল হনুমান বাস করে। সম্প্রতি খাদ্য সংকট ও গাছ নিধনের কারণে লোকালয়ে এসে মৌসুমী ফসল ক্ষতি করায় এলাকার মানুষ ফাঁদ পেতে হনুমান মেরে ফেলছে। ভবনগর গ্রামের নাজমুল ইসলাম জানান, আগে এখানে কয়েক শ হনুমানের অবস্থান ছিল বর্তমানে তা কমে ১০০ তে এসেছে। হনুমান রক্ষণাবেক্ষণের জন্য সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। স্থানীয় শ্যামকুড় ইউপি চেয়ারম্যান আমানউল্লা জানান, খাদ্য সংকটের কারণে হনুমানরা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। এছাড়া হনুমান ক্রমেই কমে যাচ্ছে। খাদ্যাভাব দূর হলে হনুমানের উত্পাত কমে যাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন সরকার জানান, কেউ যদি হনুমান মারে তাহলে বন্যপ্রাণী হত্যা আইনে মামলা হবে এবং খাদ্য সংকট সমাধান করা যায় কি না সে বিষয়ে তিনি ব্যবস্থা নেবেন বলে জানান।
