নগর সরকার কেন প্রয়োজন?

আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ২২:১৬

আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা উত্তর ও দক্ষিণ—দুই সিটি করপোরেশন নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে এখন অনেকেই নগর সরকারের বিষয়টি সামনে আনছেন। ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন নগর সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। অতীতে মেয়র হানিফ, মেয়র মহিউদ্দিন ও মেয়র আনিসুল হক নগর সরকার গঠনের দাবি করেছিলেন। বিগত মেয়র সাঈদ খোকনও নগর সরকার গঠনের কথা বলেছেন। আধুনিক এবং উন্নত বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজন সকল সিটি করপোরেশনের প্রশাসনিক কাঠামোর পরিবর্তন ও সংস্কার। সিটি করপোরেশনকে গতিশীল এবং সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে মেট্রোপলিটন গভর্নমেন্ট বা নগর সরকার গঠন একান্ত প্রয়োজন। বর্তমানে ব্রিটিশ ও পাকিস্তানি ঔপনিবেশিক কাঠামো ও আইন ব্যবস্থা দ্বারা পরিচালিত হচ্ছে সিটি করপোরেশন। জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় সিটি করপোরেশনসমূহ নগরবাসীর চাহিদা অনুযায়ী সেবা প্রদানে ব্যর্থ। কেবল হোল্ডিং ট্যাক্স, আবর্জনা পরিষ্কার আর রাস্তা খোঁড়াখুঁড়ি ছাড়া দৃশ্যত অন্য কোনো কার্যক্রম চোখে পড়ে না। নাগরিকসেবার মধ্যে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুত্, গ্যাস, পানি, পয়ঃপ্রণালী, যানবাহন, সড়ক, নগর পরিচ্ছন্নতা, পরিবেশ, যানজট এবং নাগরিক নিরাপত্তায় আধুনিক নগর পরিকল্পনা প্রণয়ন; যা সিটি করপোরেশনের পক্ষে পুরাতন আইন ও ব্যবস্থা দিয়ে সম্ভব নয়। আধুনিক রাষ্ট্র ও জাতি গঠনে  শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুত্, পানি, পাতালরেল, মনোরেল ও যানজটমুক্ত শহর নিশ্চিত করতে নগরবাসীর সেবা ও অধিকার প্রতিষ্ঠায় নগর সরকার প্রয়োজন। রাজধানী ঢাকাসহ সকল নগর সরকারে মেট্রোপলিটন কাউন্সিলে থাকবেন সকল শ্রম-কর্ম-পেশার প্রতিনিধি, সকল সেক্টর করপোরেশন, অধিদপ্তর, সমবায়, এনজিও, নারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি। হংকং, জাপানের টোকিও, মালয়েশিয়ার কুয়ালালামপুরসহ এশিয়ার উন্নত দেশগুলোতে নগর সরকার রয়েছে। আমাদের দেশেও নগর সরকার প্রয়োজন। সরকার বলছে ২০৪১ সালে উন্নত দেশে রূপান্তর হবে বাংলাদেশ। আর তা করতে হলে রাজধানী ঢাকাসহ সমস্ত সিটি করপোরেশনে নগর সরকার একান্ত প্রয়োজন।

মো. ইয়ামিন খান

শ্যামলী, ঢাকা