g বরিশাল অফিস
ঢাকাগামী পৃথক তিনটি বাস থেকে ৬৫ মণ জাটকা আটক করেছে প্রশাসন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর দপদপিয়া সেতুর টোলপ্লাজায় তিনটি যাত্রীবাহী বাস তল্লাশি করে এই জাটকা উদ্ধার করে মত্স্য অধিদপ্তর ও কোস্ট গার্ড। জেলা মত্স্য কর্মকর্তা আবু সাঈদ জানান, পটুয়াখালীর কালাইয়া বাজার থেকে বিভিন্ন বাসে বিপুল পরিমাণ জাটকা ঢাকায় পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে দপদপিয়া সেতুর টোলপ্লাজায় কোস্ট গার্ডের সহায়তায় চেকপোস্ট স্থাপন করে মত্স্য বিভাগ। এ সময় ঢাকাগামী বেপারী পরিবহনের দুইটি এবং অন্তর পরিবহনের একটি বাস তল্লাশি করে ৬৫ মণ জাটকা আটক করা হয়। তবে ঐ জাটকার মালিকানা কেউ দাবি না করায় কাউকে আটক করা যায়নি। জব্দকৃত জাটকা গতকাল মঙ্গলবার বরিশালের রসুলপুর কোস্ট গার্ড স্টেশনে বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মধ্যে বিনা মূল্যে বিতরণ করা হয় বলে জানান জেলা মত্স্য কর্মকর্তা মো. আবু সাঈদ।
