‘সুযোগ পেলে কোন ক্লাব কিংবদন্তিকে ফেরাতে চান?’ প্রশ্নটার উত্তর প্রায় প্রতিটি ক্লাবের নতুন কোচকেই কোনো না কোনো সময় দিতে হয়। বার্সার নতুন কোচ কিকে সেতিয়েনও এই প্রশ্নের মুখোমুখি হলেন। উত্তরও দিলেন, সঙ্গে জুড়ে দিলেন অনেক গুঞ্জনের রসদও। সম্প্রতি ক্লাবের সমর্থকদের অনলাইন প্রশ্নের জবাব দেন তিনি, যাতে উঠে এসেছিল তার বাল্যকাল, দাবার প্রতি ভালোবাসা ও তার দর্শন প্রসঙ্গও। কোন ক্লাব কিংবদন্তিকে ফেরাতে চান, প্রশ্নটির জবাবে সেতিয়েন জানান আন্দ্রেস ইনিয়েস্তার নাম। যুক্তি দেন, ‘সে এখনো অবসর নেয়নি। তাকে আসলেই ফিরিয়ে আনতে পারি আমরা।’ তবে ইনিয়েস্তাকে ফেরানো হোক বা না হোক, তার ভিসেল কোবে সতীর্থ সার্জি স্যাম্পারকে পেতে ঠিকই তোড়জোড় শুরু করেছে বার্সা। আসছে গ্রীষ্মেই হয়তো ২৫ বছর বয়সি মিডফিল্ডারকে দেখা যাবে ন্যু ক্যাম্পে।
