আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি দাবি করে তাদের গণজোয়ার চলছে। কিন্তু তাদের আন্দোলনেও ভাটা, নির্বাচনেও ভাটা, জোয়ার তারা দেখেনি। তাদের সবকিছুতেই এখন ভাটা পড়ে গেছে। যদি আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকে বিএনপি আর কখনো জোয়ারের দেখা পাবে না। তাদের জন্য জোয়ার আর কখনো আসবে না। গতকাল মঙ্গলবার বিকালে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সবাই এক থাকবেন, নিজের দল ভারী করার জন্য সুবিধাবাদীদের দলে টানবেন না। দুঃসময়ের কর্মীরাই হচ্ছেন আওয়ামী লীগের প্রাণ। দুঃসময়ের এসব ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করুন। ওয়ার্ড কমিটি পর্যন্ত সব কমিটি করে ফেলুন। তৃণমূল পর্যন্ত সব কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের অগ্রাধিকার দেবেন। সব কমিটি শেষ করে জেলা কমিটি করতে হবে।
সেতুমন্ত্রী আরো বলেন, আপনারা আওয়ামী লীগকে শক্তিশালী করে তুলুন। আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করুন। ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগকে বেঁচে থাকবে হবে। আওয়ামী লীগ না বাঁচলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাঁচবে না, গণতন্ত্র বাঁচবে না, উন্নয়ন বাঁচবে না। আওয়ামী লীগ না বাঁচলে বাংলাদেশের অর্জন হবে না।
কক্সবাজারের উন্নয়ন তুলে ধরে মন্ত্রী বলেন, মাতারবাড়ি কয়লা বিদ্যুেকন্দ্র থেকে শুরু করে কক্সবাজারের সবখানে উন্নয়ন হচ্ছে। কোথাও রাস্তা ও ব্রিজ খুব বেশি অসম্পূর্ণ নেই। কক্সবাজারে চার লেনের সড়ক হচ্ছে। মেরিন ড্রাইভ করে দিয়েছেন শেখ হাসিনা।
