মেয়র সাঈদ খোকনের এপিএস, হুইপ শামসুলের পিএকে জিজ্ঞাসাবাদ

আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ০০:৩৬

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের এপিএস শেখ কুদ্দুস ও জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরীর ব্যক্তিগত কর্মকর্তা (পিএ) এজাজ চৌধুরীকে দুর্নীতি দমন কমিশন (দুদক) জিজ্ঞাসাবাদ করেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি দল তাদের পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করে।

দুদক সূত্র জানায়, সাঈদ খোকনের এপিএস শেখ কুদ্দুস সকাল পৌনে ১০টায় দুদকে এসে হাজির হন। হুইপ শামসুল হক চৌধুরীর ব্যক্তিগত কর্মকর্তা (পিএ) এজাজ চৌধুরী সকাল সাড়ে ১০টায় দুদকে আসেন। গত ১৪ জানুয়ারি দুদকের পাঠানো পৃথক নোটিশে বলা হয়, ঠিকাদার জি কে শামীমসহ অন্যান্য ব্যক্তির বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের শত শত কোটি টাকা ঘুষ দিয়ে বড়ো বড়ো ঠিকাদারি কাজ নিয়ে বিভিন্ন অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত্, ক্যাসিনো ব্যবসা করে শত শত কোটি টাকা অবৈধ প্রক্রিয়ায় অর্জন করে বিদেশে পাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। সুষ্ঠু অনুসন্ধানের জন?্য আপনার বক্তব্য রেকর্ড করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন। অভিযোগের বিষয়ে বক্তব্য প্রদানের জন্য আপনাকে দুদকে হাজির হতে বলা হয়েছে। নোটিশে তাদের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও তিন বছরের আয়কর রিটার্নের কপি নিয়ে কমিশনে হাজির হতে বলা হয়েছে।

আলোচিত ঠিকাদার জি কে শামীমসহ বিভিন্ন ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত থেকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদকের পরিচালক সৈয়দ ইকবালের নেতৃত্বে সাত সদস্যের একটি টিম। ঐ টিমের সদস্যরা হলেন উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম, সালাহউদ্দিন আহমেদ, গুলশান আনোয়ার প্রধান, সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী, সাইফুল ইসলাম, আতাউর রহমান ও মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী।