চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ও ব্যবসায়ী ওমর ফারুক তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছে পরিবার। এ ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত রবিবার তিনি নিখোঁজ হন। জিডির তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
পরিবার সূত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে মগবাজারের রাজ্জাক প্লাজায় নিজস্ব ব্যাবসায়িক অফিসে যান ওমর ফারুক। দুপুর ২টায় সর্বশেষ তার স্ত্রীর সঙ্গে কথা হয়। এরপর থেকে তাকে আর শনাক্ত করা সম্ভব হয়নি। রাজ্জাক প্লাজায় অফিসের সিসি ক্যামেরায় তার প্রবেশের ফুটেজ থাকলেও বের হওয়ার কোনো ফুটেজ পাওয়া যায়নি। ওমর ফারুকের ভাই মামুন বলেন, ফারুকের এয়ার কন্ডিশনের ব্যবসা আছে। তার স্ত্রীকে দুপুরে বলেছিলেন তিনি বায়তুল মোকাররম মার্কেটে ব্যাবসায়িক কাজে যাবেন। কাজ শেষ করে বিকালে বাসায় ফিরবেন। কিন্তু বিকালে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যাচ্ছে না।
হাতিরঝিল থানার ওসি মো. আব্দুর রশিদ বলেন, এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পুলিশ সম্ভাব্য বিষয় সামনে রেখে তাকে খোঁজার চেষ্টা করছে। থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও বিষয়টি নিয়ে কাজ করছে বলে জানা গেছে।
