আইনশৃঙ্খলা বিষয়ে ইসির বৈঠক আজ

কড়া নিরাপত্তা থাকছে দুই সিটির ভোটে

আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ০০:৫৩

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাসহ আটটি এজেন্ডা নিয়ে আজ বুধবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন। ঐ বৈঠকে নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করা হবে। তবে প্রাথমিকভাবে ইসি প্রতিটি সাধারণ কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ১৬ জন ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৮ জন মোতায়েনের পরিকল্পনা করেছে। আর ভোটকেন্দ্রের বাইরে র্যাব, পুলিশ ও বিজিবি মোতায়েন করবে। সেই হিসেবে দুই সিটির ভোটে অর্ধলক্ষাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবে নির্বাচনি দায়িত্বে। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈঠকে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, পুলিশ, আনসার, র্যাব ও বিজিবির মহাপরিচালক, গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান এবং দুই সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছে ইসি। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। ঐ বৈঠকে আলোচনার পরিপ্রেক্ষিতে দুই সিটি নির্বাচনের নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করবে নির্বাচন কমিশন। ঐ অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন সংক্রান্ত পরিপত্র জারি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।