ভালোবাসা দিবসের গানে

আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ১৯:৫৮

২০১৮ সালের ভালোবাসা দিবসে ফাহমিদা নবীর গাওয়া ‘ভালোবাসি’ গানটি ভালোবাসা দিবসে প্রকাশিত হয়েছিল। বাপ্পা মজুমদারের সঙ্গে গাওয়া সেই গানটি সেই সময় বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছিল। মাঝে একটি বছর বিরতি শেষে ফাহমিদা নবী এবারের ভালোবাসা দিবসে নতুন আরেকটি গান শ্রোতা-দর্শক ও তার ভক্তদের উপহার দিতে যাচ্ছেন। এ গানের কথা লিখেছেন সুজন বড়ুয়া সাইম এবং সুর-সংগীত করেছেন সজীব দাস। এরইমধ্যে গত ১৩ জানুয়ারি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটির কথা হলো ‘হঠাত্ সেদিন শিশির ভেজা ভোরের আলোয়, অবাক তোমার দৃষ্টি ছুড়ে নীরবে ডাকলে আমায়’। ফাহমিদা নবী বলেন, ‘গানটির কথা যেমন চমত্কার, সুরও তেমন অসাধারণ। মিষ্টি মিষ্টি ভাবনার স্মৃতির মোহে হারিয়ে যাওয়ার মতো কথাগুলো। ভীষণভাবে মনকে নাড়া দিয়েছে গানের কথাগুলো। গীতিকবিতা পড়েই ভীষণ আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। ধন্যবাদ গানটির গীতিকবিকে এবং অবশ্যই আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা সব সময়ের মতো সজীব দাসকে মন ছুঁয়ে যাওয়ার মতো সুর করার জন্য। এর আগেও তার সুরে গান করেছি। সজীব সব সময়ই অনেক যত্ন নিয়ে একটু বেশি ভেবেই সুর করে। কিন্তু কেন যেন মনে হয়েছে, এই গানটি আরো একটু বেশি যত্ন নিয়েই করা। ভালোবাসা দিবসে আমার ভক্ত-শ্রোতা-দর্শকের জন্য এটা বিশেষ উপহার। আশা করছি, সবারই ভালো লাগবে গানটি। কারণ পুরো গানটি প্রেমে ভরপুর, যা অনেককেই অতীতে ফিরিয়ে নিয়ে যাবে।’ আগামী ভালোবাসা দিবসে গানটি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। এদিকে ফাহমিদা নবী নিয়মিত বাংলাভিশনে ‘সুরের আয়না’ অনুষ্ঠানের উপস্থাপনা করছেন।