আফ্রি সেলিনা, এই প্রজন্মের একজন দর্শকপ্রিয় অভিনেত্রী। নতুন বছরের শুরুটা হয়েছে তার একটি নতুন ধারাবাহিকে অভিনয়ের মধ্যদিয়ে। সানজিদ খান প্রিন্সের পরিচালনায় আফ্রি সেলিনা ‘আলো ছায়ার কাব্য’ ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় শুরু করেছেন। ধারাবাহিকটি শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার শুরু হবে। এদিকে বছরের শুরুতে তিনি নতুন সংগীতশিল্পী শাফিন খানের একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন মঞ্জুরুল হক মঞ্জু। বছরের শুরুর দুটো কাজ নিয়েই আফ্রি সেলিনা বেশ উচ্ছ্বসিত। আফ্রি সেলিনা বলেন, ‘বছরের শুরুতেই একটি ভালো গল্পের ধারাবাহিক নাটকে কাজ করেছি, এটা দারুণ ভালো লেগেছে। আবার নতুন একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছি, এটাও অনেক ভালোলাগার। আশা করছি, গানটি প্রকাশিত হলে দর্শকের ভালো লাগবে।’ এদিকে গেল ১২ জানুয়ারি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে আফ্রি সেলিনা অভিনীত ‘নীল ফড়িং’ সিনেমার ‘আপন মানুষ যায় না চেনা’ গানটি। গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ, সুর-সংগীত করেছেন ইমন সাহা এবং গেয়েছেন ইমরান। গানটিতে আফ্রি সেলিনার উপস্থিতি বেশ প্রশংসিত হচ্ছে। আফ্রি সেলিনা অভিনীত আলোচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘চিরকুট’।
