পৃথিবীতে বাবা-মায়ের পর সবচেয়ে মধুর সম্পর্ক ভাই-বোনের। সেই ভাই-বোনের মধুর সম্পর্ককে গানে গানে ফুটিয়ে তুললেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর ও আতিকা রহমান মম। গানের শিরোনাম ‘আমার ছোট বোন’। সুদীপ কুমার দীপের লেখা এই গানটির সুর-সংগীত করেছেন জে কে মজলিস। গত ৯ জানুয়ারি সাভারের আমিন বাজারের একটি রিসোর্টে ‘আমার ছোট বোন’ গানটির ভিডিও ধারণ করা হয়। ভিডিও পরিচালনা করেন মো. আতিকুর রহমান লাভলু।
গানটি প্রসঙ্গে সংগীতশিল্পী আসিফ আকবর বলেন, ‘আমাদের সংগীতাঙ্গনে সাধারণত ভাই-বোনের গান তেমন একটা হয় না। বিশেষ করে বড়ো ভাই ও ছোট বোনের মধ্যেকার মধুর সম্পর্ক নিয়ে গান কেবল ফিল্মেই হয়তো দেখা যায়। সেই হিসেবে বলা যায়, ‘আমার ছোট বোন’ একটি ব্যতিক্রমধর্মী কাজ। আর নতুন প্রজন্মের শিল্পী হিসেবে মম’র কণ্ঠে ম্যাচুউরিটি আছে। এখন তার যে বয়স তাতে সে যদি কন্টিনিউ করে তবে তার ভালো শিল্পী হওয়ার সম্ভাবনা আছে।’ মম বলেন, ‘সংগীতশিল্পী আসিফ আকবরের সঙ্গে গাইতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আশা করছি গানটি সকলের হূদয় ছুঁয়ে যাবে।’ বাজনা বিডির ইউটিউব চ্যানেল এ গান ও এর ভিডিও শীঘ্রই প্রকাশিত হবে বলে নির্মাতা মো. আতিকুর রহমান লাভলু জানিয়েছেন।
উল্লেখ্য, মম বর্তমানে নবম শ্রেণির ছাত্রী। বেশ ছোটবেলা থেকেই নিয়মিত গান করছেন শিশুশিল্পী মম। এ পর্যন্ত বেশ কিছু গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ২০১৩ সালে দেশাত্মবোধক গান ‘শোন শোন বাংলাদেশ’-এর মাধ্যমে আলোচনায় আসেন মম।
