বাংলাদেশ ও বুরুন্ডি বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হবে। বুরুন্ডি সরাসরি না বললেও বাংলাদেশ দল মনে করছে তাদের জন্য আজই ‘ফাইনাল’।
বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠে এশিয়া আফ্রিকার লড়াইয়ে কাগজে-কলমে বাংলাদেশের চেয়ে বুরুন্ডি এগিয়ে। ব্যাপারটা স্বীকার করলেও ইংলিশ কোচ জেমি ডে বলেছেন, ‘ওরা আমাদের চেয়ে অনেক ওপরে হলেও আমরা ফাইনালে যেতে চাই।’ বুরুন্ডি দল গতকাল সংবাদ সম্মেলনে বুঝিয়ে দিয়েছেন ফাইনাল ছাড়া অন্য কিছু ভাবছে তারা।
ফিফার র্যাংকিংয়ে বাংলাদেশ ১৮৭, বুরুন্ডির স্থান ১৫১। বাংলাদেশ অধিনায়ক জামাল ভুইয়া বললেন, ‘র্যাংকিং ম্যাচের বড়ো ফ্যাক্টর হবে না। এখানে আপনাকে খেলতে হবে। না খেলে রেজাল্ট হবে না। মাঠের লড়াইটাই আসল।’
বুরুন্ডি এবং বাংলাদেশ এই প্রথম ফুটবলে মুখোমুখি। ঢাকার মাঠে আফ্রিকান ফুটবলের লড়াই দেখা গেলেও বুরুন্ডির খেলা এরই মধ্যে দর্শক মন জয় করেছে। তাই দর্শকরা মনে করছে রোমাঞ্চকর লড়াই হবে। বাড়তি উত্তেজনা থাকবে। বুরুন্ডি দলে ইনজুরি নেই, লালকার্ড পেয়ে কোনো ফুটবলার মাঠের বাইরেও নেই। বিপরীতে বাংলাদেশ দলে অসুস্থতা, ইনজুরি এমন কি লালকার্ড পেয়ে নির্ভরযোগ্য ডিফেন্ডার তপু বর্মনের ছিটকে যাওয়া আছে। দল ফাইনালে উঠতে না পারলে সবার আগে তপুর বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল শেষ হয়ে গেছে শ্রীলঙ্কার ম্যাচে।
এই মুহূর্তে সবচেয়ে বিপাকে বাংলাদেশের রক্ষণভাগ। ইয়াসিন, তপুরা বাইরে থাকায় বিশ্বনাথ, রায়হান হাসান, রিয়াদুল হাসানদের পর আস্থা রাখতে হবে। যদিও ডিফেন্স লাইনআপ চূড়ান্ত করেননি কোচ জেমি ডে। তারপরও বলে রেখেছেন আজ দুপুরেই ডিফেন্স লাইন ঠিক করবেন। বুরুন্ডির আক্রমণভাগ শক্তিশালী। দুই ম্যাচে ৭ গোল করেছে অতিথি দলটি। উভয় ম্যাচেই গোল হজম করেও জিতেছে বুরুন্ডি। এদের বিপক্ষে গোল করে এগিয়ে গেলেও টিকে থাকা কঠিন। তারপরও হতাশ নন বিশ্বনাথ ঘোষ। রায়হান অভিজ্ঞ। সুশান্ত ত্রিপুরা, রাফি, মানিক, যে কেউ কঠিন পরীক্ষা দিতে রাজি। বিশ্বনাথ বলছিলেন, ‘ভারত, ওমানের বিপক্ষে খেলেছেন এমন অভিজ্ঞতাসম্পন্ন ফুটবলার আছেন। আশাকরি বিপদ সামাল দিতে পারব। তবে ইয়াসিন, তপু থাকলে শক্তিটা বেশি হতো।’
বাংলাদেশের দুর্বলতা জেনেও বুরুন্ডির অধিনায়ক তামবে আমিসি বলেছেন তাদের জন্য আজকের ম্যাচটা সহজ হবে না। আর কোচ রালফ জেন লুইস জানাচ্ছেন তারা বাংলাদেশের বিপক্ষে ভিন্ন ট্যাকটিসে খেলবেন। গ্রুপ পর্বে মরিশাস এবং সিসেলশের বিপক্ষে দুই রকম ফরমেশনে খেলেছে বুরুন্ডি। বাংলাদেশের বিপক্ষেও ভিন্ন একটা ফরমেশনে খেলবে যা মাঠে নামার আগে প্রকাশ করবে না তারা।
বিপক্ষ যতই শক্তিশালী হোক বাংলাদেশ খেলবে নিজেদের মাঠে। হোম কন্ডিশন বাংলাদেশের পক্ষে। এ ব্যাপারে বুরুন্ডিও একমত। তবে তাদের কোচ এবং অধিনায়ক এক সঙ্গে জানিয়ে দিলেন এ ধরনের কন্ডিশনে আগেও খেলেছেন। কোচ বললেন,‘আমরা জানি কিভাবে হোম টিমের বিপক্ষে মানিয়ে নিতে হয়।’
বাংলাদেশের ফুটবলাররা যতই ভালো খেলুক ম্যাচের শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে গোল খাওয়ার অভ্যাস আছে। কোচ জেমি ডে এটি নিয়ে স্নায়ুর চাপে আছেন। তবে খেলোয়াড়দের বুঝাচ্ছেন মনোযোগ হারানো যাবে না।
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে সেমিফাইনাল জিততে না পারলে বিদায়। দেশের ফুটবল-দর্শক তাকিয়ে আছে একটা ট্রফির দিকে। এ নিয়ে ষষ্ঠবার খেলছে, এর মধ্যে একবার ফাইনাল খেলেছিল। অধিনায়ক জামাল ভুইয়া বললেন, ‘দর্শক চাপ থাকবে। এটা ফুটবলের পার্ট। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ গোলের জয়টা আমাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।’
আজ দ্বিতীয় সেমিফাইনাল
বাংলাদেশ ও বুরুন্ডি।
৫টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম।
