বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ঢাকায় এসেছেন বিশ্বকাপ ফুটবল খেলা ব্রাজিলিয়ান সাবেক ফুটবল তারকা জুলিও সিজার। ২৪ ঘণ্টার সফরে গতকাল সন্ধ্যায় ঢাকায় এসেছেন এই তারকা।
বিমানবন্দর টার্মিনালের ভিআইপি লাউঞ্জ দিয়ে বেরিয়ে যাওয়ার সময় সংবাদমাধ্যম জুলিও সিজারকে ঘিরে ধরেছিল। খুব একটা কথা বলেননি তিনি। নিরাপত্তা বেষ্টিত গাড়িতে ওঠার সময় এক-দেড় মিনিট কথা বলে জানিয়ে গেলেন বাংলাদেশের প্রতি তার আগ্রহের কথা। বাংলাদেশ সম্পর্কে কিছুই জানেন না। তবে বঙ্গবন্ধুর নাম শুনেছেন।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে টুর্নামেন্ট হচ্ছে। জুলিও সিজারকে বলা হয়েছে বঙ্গবন্ধুর নাম। জুলিও সিজার বিমানবন্দরে সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘প্রথম এসেছি বাংলাদেশে। এত বড়ো একটা টুর্নামেন্ট হচ্ছে আমিও সেখানে যেতে পারছি। বাংলাদেশ সম্পর্কে কোনো ধারণা নেই। আমার কাছে নতুন দেশ। আগে দেখি তারপর বলতে পারব।’
বঙ্গবন্ধু গোল্ডকাপের স্বত্ব ক্রয়কারী প্রতিষ্ঠান কে স্পোর্টসের প্রধান নির্বাহী ফাহাদ করিম, বাফুফের সদস্য জাকির হোসেন চৌধুরীসহ অন্য প্রতিনিধিরা ব্রাজিলিয়ান গোলকিপার জুলিও সিজারকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান। জুলিও সিজারের সঙ্গে ফিফার প্রতিনিধিও এসেছেন।
২০১৪ বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল ৭-১ গোলে জার্মানির কাছে সেমিফাইনাল ম্যাচটা কেন হারল তা নিয়ে প্রশ্ন করলেও কোনো জবাব দেননি জুলিও সিজার। তবে বলেছেন, ‘ব্রাজিল ফুটবলের দেশ। এখানে অনেক তারকার জন্ম হয়েছে। এটি ফুটবলেরই দেশ।’
আজ সকালে ব্রাজিলিয়ান এই তারকা বঙ্গবন্ধুর বাড়িতে যাবেন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সম্মান জানাবেন। সেখান থেকে ফুটবল একাডেমিতে যাওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না। বাফুফে ভবনে যাবেন। এখানে বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন, স্বাধীনবাংলা ফুটবল দলের সঙ্গে ফটোসেশন করবেন। সংবাদ সম্মেলন করবেন। বিকালে বঙ্গবন্ধু স্টেডিয়াম যাবেন বাংলাদেশ ও বুরুন্ডি বঙ্গবন্ধু গোল্ডকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ উপভোগ করবেন জুলিও সিজার। আজ রাতেই ঢাকা ছাড়বেন তিনি।
